অবসর গ্রহণের পর বিচারপতিদের রাজনীতিতে যোগদানের বিষয়টি বিচারব্যবস্থা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করে— এমনই মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি বিআর গগৈ। ব্রিটেনে সুপ্রিম কোর্ট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়েও তিনি তাঁর মতামত জানান।
লন্ডনে বিচারপতি বিক্রম নাথ এবং ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারপতি জর্জ লেগেটের উপস্থিতিতে ভারতীয় বিচারব্যবস্থা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধান বিচারপতি গবই বলেন, “ভারতে বিচারপতিদের অবসরের একটি নির্দিষ্ট বয়সসীমা থাকে। যদি কোনো বিচারপতি অবসর গ্রহণের পরপরই সরকারের অন্য কোনো পদ গ্রহণ করেন বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেন, তবে তা গুরুত্বপূর্ণ নীতিগত উদ্বেগের সৃষ্টি করে।” তিনি আরও যোগ করেন যে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির রাজনৈতিক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা বিচারব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে, কারণ এটিকে স্বার্থের সংঘাত বা সরকারের অনুগ্রহ লাভের চেষ্টা হিসাবে দেখা হতে পারে। তাঁর মতে, এমন কার্যকলাপ বিচার বিভাগের ওপর জনগণের আস্থা কমাতে পারে।
প্রসঙ্গত, অবসরের পর প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রাজ্যসভায় মনোনয়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে তিনি বিজেপি সাংসদ। সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও একই সুরে বলেছিলেন যে, অবসরজীবনে তিনি এমন কিছু করবেন না যা বিচারপতি হিসাবে তাঁর কাজ বা বিচারব্যবস্থার প্রতি তাঁর আনুগত্য নিয়ে সংশয় তৈরি করতে পারে।
প্রধান বিচারপতি গগৈ আরও বলেন, অতীতে দু’বার ভারতে প্রধান বিচারপতি নিয়োগের সময় সিনিয়র বিচারপতিদের বাদ দেওয়া হয়েছিল, যা প্রতিষ্ঠিত ঐতিহ্যের পরিপন্থী। ১৯৬৪ সালে বিচারপতি সৈয়দ জাফর ইমাম এবং ১৯৭৭ সালে বিচারপতি হংসরাজ খন্নাকে এই কারণে শীর্ষ পদ থেকে বঞ্চিত করা হয়েছিল। এরপর ১৯৯৩ এবং ১৯৯৮ সালের রায়ে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়োগ সম্পর্কিত সাংবিধানিক বিধানগুলি ব্যাখ্যা করে কলেজিয়াম গঠনের কথা বলে, যেখানে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের চার জন সিনিয়র বিচারপতি থাকবেন।







