রাজনীতিরাজ্য

নবান্ন অভিযানে ‘অভয়া’ বিতর্ক: আহত মায়ের কান্নায় কাঁপল পার্ক স্ট্রিট, রাজনৈতিক দাবানলে একা শুভেন্দু

মেয়ের মৃত্যুর এক বছর পর সুবিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন আর জি কর নির্যাতিতা অভয়ার পরিবার। ৯ আগস্ট, শনিবার—দিনভর সেই প্রতিবাদ যেন পরিণত হল রাজনৈতিক দাবানলে। দুপুরে পার্ক স্ট্রিটে পুলিশের লাঠির আঘাতে মাথায় গুরুতর আঘাত পেলেন অভয়ার মা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। ক্ষোভে ফেটে পড়ল অভয়া মঞ্চ—দায় শুধু পুলিশের নয়, সরাসরি আঙুল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে।

অভিযান ছিল অভয়া পরিবারের, কিন্তু সকাল থেকেই শহরের বাতাসে রাজনীতির গন্ধ। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই আহ্বান করেছিলেন—রাজনৈতিক পতাকা সরিয়ে সবাইকে যোগ দেওয়ার। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল না তাঁকে, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষকেও। দলের শীর্ষ সারির অনুপস্থিতিতে কার্যত একাই নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী—সঙ্গে গুটিকয়েক অনুগামী। পার্ক স্ট্রিটে পুলিশি ঘেরাটোপ ভাঙতে গিয়ে বেধে গেল সংঘর্ষ, লাঠিচার্জ, আর সেখানেই আহত হলেন অভয়ার মা।

অভয়া মঞ্চের অন্যতম সদস্য তমোনাশ চৌধুরীর অভিযোগ, “আমরা এক বছরে বহু মিছিলে অভয়ার মা-বাবাকে এনেছি, কখনও এমন ঘটনা ঘটেনি। এবার বিজেপি নেতৃত্বে এসে যা ঘটল, তার জন্য তারাই দায়ী।” আর যেহেতু ঘটনাস্থলে শুভেন্দুই ছিলেন একমাত্র শীর্ষ বিজেপি নেতা, দায়ের তীর সোজা তাঁর বুকে এসে বিঁধছে।

অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাফ অভিযোগ তুলেছেন—অভয়ার মা-বাবাকে ঢাল করে রাজনৈতিক প্রচার চালিয়েছে বিজেপি। তিনি ইঙ্গিত করেছেন বিজেপির তরুণ নেতা কৌস্তভ বাগচীর দিকেও। এই সুর মিলিয়ে গেল অভয়া মঞ্চের বক্তব্যেও।

রাজনৈতিক মহলের কটাক্ষ—অভয়ার সুবিচারের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শুভেন্দু চেয়েছিলেন প্রচারের আলো কেড়ে নিতে। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোই যেন উল্টে তাঁকে পুড়িয়ে দিল। দলের ভেতরে একা, আর বাইরে চরম সমালোচনার মুখে বিরোধী দলনেতা। অভয়ার মায়ের মাথায় লাঠির আঘাতের সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতির আকাশে নতুন এক ক্ষোভের ঝড় বইতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.