সিরিয়াল কিলারের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু এবার সামনে এল এক চমকে দেওয়া ‘সিরিয়াল ব্রাইড’-এর কাহিনি। পরিচয় লুকিয়ে একাধিক বিয়ে করে প্রতারণার জাল বিছিয়েছিল এক মহিলা—এমনই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের বিড জেলায়। ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশের তদন্ত, আর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রতারণা চক্রের মূল অস্ত্র ছিল ভুয়ো বিয়ের আয়োজন। ঘটকদের মাধ্যমে অবিবাহিত পুরুষদের টার্গেট করা হত। এরপর এক মহিলাকে কনে সাজিয়ে বিয়ের ব্যবস্থা করা হতো। বিয়ের পর কয়েকদিন স্বাভাবিক দাম্পত্য জীবনের অভিনয় করে বিশ্বাস অর্জন করত ওই মহিলা। তারপর হঠাৎ একদিন নগদ টাকা, সোনার গয়না-সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যেত।
এইভাবে বহুদিন ধরেই রমরমিয়ে চলছিল এই প্রতারণার ব্যবসা। সম্প্রতি স্থানীয় বাসিন্দা যোগেশ শিন্দে নামের এক ব্যক্তি প্রতারণার শিকার হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটকদের মাধ্যমে তাঁর সঙ্গে ওই মহিলার পরিচয় হয় এবং বিয়ের নামে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। বিয়েও সম্পন্ন হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই নববধূ ও দালালরা উধাও হয়ে যায়।
পরবর্তীতে খোঁজখবর করতে গিয়ে যোগেশ জানতে পারেন, একই মহিলা এর আগেও একই কৌশলে আরও আটজন পুরুষকে বিয়ে করেছেন। প্রতিবারই একইভাবে টাকা ও গয়না হাতিয়ে নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ।
এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন যোগেশ। জেলা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে তিনি দাবি করেছেন, লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে তাঁর সঙ্গে। এমনকি এই পরিস্থিতি তাঁকে চরম মানসিক চাপে ফেলেছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “বিয়ের আগে ওই মহিলার অতীত সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল।”
থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুরো চক্রটির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা সামনে আসতেই বিয়ের নামে প্রতারণা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সমাজে।







