দেশরক্ষায় ভারতীয় সেনার সাহসী পদক্ষেপ ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব এবার ক্রিকেট মাঠেও। সীমান্তে উত্তেজনার আবহে দেশের একাধিক বিমানবন্দর বন্ধ, আর তারই সরাসরি প্রভাব পড়েছে আইপিএল-এ অংশগ্রহণকারী বেশ কিছু দলের যাতায়াতে। শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্তে বদলেছে ট্র্যাভেল প্ল্যান, অস্বস্তিতে পড়েছে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স-সহ একাধিক আইপিএল দল।
মোট ১৮টি বিমানবন্দর আপাতত সাময়িকভাবে পরিষেবা বন্ধ রেখেছে। যার মধ্যে রয়েছে শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, ধর্মশালা, জামনগর, যোধপুর, পাঠানকোট সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই তালিকার মধ্যেই রয়েছে ধর্মশালা এবং চণ্ডীগড়— যা আইপিএল ম্যাচের ভেন্যু এবং ট্র্যাভেল রুটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই পরিস্থিতিতে একমাত্র ভরসা সড়কপথ।
৮ মে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি পাঞ্জাব কিংস। দিল্লি ও পাঞ্জাব—দুই দলই সময়মতো পৌঁছে গেলেও, ম্যাচ শেষে দিল্লির বিমানযাত্রা অনিশ্চিত। দিল্লি থেকে প্রায় ৪৭০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে গাড়িতে। একই অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সেরও, যারা ১১ মে খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে ধর্মশালায়। চণ্ডীগড় বিমানবন্দরও বন্ধ থাকায়, তাদেরকেও দিল্লি হয়ে লম্বা সড়কযাত্রা করতে হতে পারে।
দীর্ঘ সড়কপথ, অস্বস্তিকর যাত্রা, খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি— সব মিলিয়ে চ্যালেঞ্জ বাড়ছে। যদিও প্রয়োজনীয় সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিও। তবে আকাশসীমা স্বাভাবিক হলে ফের পুরনো ট্র্যাভেল প্ল্যানে ফিরতে চায় দলগুলি। আপাতত প্রতীক্ষা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। যতদিন না তা হচ্ছে, ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিফলন থাকছে আইপিএলের মাঠেও।







