বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে ফিরছেন সত্যজিৎ রায়, সঙ্গী ‘অরণ্যের দিনরাত্রি’

বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ‘ক্লাসিকস’ বিভাগে এ বছর দেখানো হবে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ‘অরণ্যের দিনরাত্রি’। উৎসবটি শুরু হচ্ছে ১৩ মে থেকে।

১৯৬৮ সালে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় এই চলচ্চিত্রটি তৈরি করেছিলেন। ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায় ও সিমি গারেওয়াল। এককথায় এক তারকাবহুল ‘চাঁদের হাট’। আজ তাদের অনেকেই আমাদের মধ্যে নেই, তবে ছবিটি নিয়ে আবেগে ভেসেছেন জীবিত তারকারা। ছবিটির প্রদর্শন উপলক্ষে পরিচালক সন্দীপ রায় কথা বলেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়ালের সঙ্গে। শর্মিলা ঠাকুর কান উৎসবে উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে থাকবেন ছবির প্রযোজক পূর্ণিমা দত্ত। তবে সিমি গারেওয়াল শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারছেন না। গত বছর কান উৎসবে প্রদর্শিত হয়েছিল সত্যজিৎ রায়ের আরেক কালজয়ী ছবি ‘প্রতিদ্বন্দ্বী’। এ বছরের তালিকায় ‘অরণ্যের দিনরাত্রি’-র নাম যুক্ত হওয়া নিঃসন্দেহে গর্বের বিষয় বাংলা ও ভারতীয় চলচ্চিত্রের জন্য।

উল্লেখযোগ্য, শর্মিলা ঠাকুর অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘পুরাতন’ বর্তমানে চলছে শহরের প্রেক্ষাগৃহে। সুমন ঘোষের পরিচালনায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনায় তৈরি এই ছবিকে তাঁর শেষ বাংলা চলচ্চিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও শহরের নানা প্রেক্ষাগৃহে ইদানীং সত্যজিৎ রায়ের ছবিগুলি পুনঃপ্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘নন্দন’-এ সম্প্রতি দেখানো হয়েছে ‘নায়ক’ ও ‘অভিযান’।

তবে শুধু পুরনো নয়, ‘অরণ্যের দিনরাত্রি’-র ভিত্তিতে তৈরি একটি নতুন ছবিও রয়েছে আলোচনায়। পরিচালক অরুণ রায় মৃত্যুর আগে সেই ছবির শুটিং শেষ করে গিয়েছিলেন। এখন চলছে সম্পাদনার কাজ। যদিও ছবিটি আদৌ মুক্তি পাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। এই উদ্যোগে আবারও প্রমাণ হল, সত্যজিৎ রায় এবং তাঁর সৃষ্টিকর্ম আজও বিশ্বমঞ্চে সমানভাবে প্রাসঙ্গিক ও শ্রদ্ধেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.