বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান অন্তত ৩০০ থেকে ৪০০ বার সীমান্ত পেরিয়ে ভারতে ড্রোন হামলার চেষ্টা করেছিল বলে শুক্রবার বিস্ফোরক দাবি করল ভারতের বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনা।
সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের ৩৬টি স্থানে হামলার চেষ্টা চালায়, যার মধ্যে ছিল সেনা ছাউনি এবং আকাশসীমা লঙ্ঘন করে পাক বাহিনী। তবে ভারতীয় সেনারা তাদের প্রতিটি চেষ্টাকেই ব্যর্থ করে দিয়েছে।
কর্নেল কুরেশি আরও জানান, পাকিস্তান গোপনে তথ্য সংগ্রহের জন্য ড্রোন ব্যবহার করছিল। তুরস্কের তৈরি বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সেগুলির ফরেন্সিক পরীক্ষা চলছে। শুধু ড্রোন নয়, ভাটিন্ডার সেনা ছাউনিতে যুদ্ধবিমান দিয়েও হামলার চেষ্টা করা হয়েছিল, যা ব্যর্থ করে দেয় ভারতীয় বায়ুসেনা। এর জবাবে ভারতও পাকিস্তানের চারটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।
বিদেশসচিব বিক্রম মিস্রী অভিযোগ করেন, ৭ মে ব্যর্থ ড্রোন হামলার পরেও পাকিস্তান আকাশসীমা বন্ধ করেনি এবং বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে। বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ জানান, পাকিস্তান বারবার পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকে সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এছাড়াও, পাকিস্তান পুঞ্চের এক গুরুদ্বারেও হামলার চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।







