হায়দরাবাদের রায়াদুরগাম থেকে এক চাঞ্চল্যকর মাদক মামলার খোঁজ মিলেছে। নাম প্রকাশ্যে আসতেই চমকে উঠেছে শহরবাসী। ওমেগা হাসপাতালের প্রাক্তন সিইও, চিকিৎসক নম্রতা চিগুরুপতি সম্প্রতি মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মুম্বইয়ের কুখ্যাত মাদক কারবারি ভানস ঢাক্করের কাছ থেকে অনলাইনের মাধ্যমে প্রায় ৫ লক্ষ টাকার কোকেন অর্ডার দেন। সেই মাদক রায়াদুরগামে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার সময় পুলিশের ফাঁদে ধরা পড়েন এক সরবরাহকারী বালাকৃষ্ণ, যিনি নম্রতার হাতে কোকেন তুলে দিচ্ছিলেন।
তল্লাশিতে নম্রতা ও বালাকৃষ্ণের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৩ গ্রাম কোকেন, নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, নম্রতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারবারির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সম্পূর্ণ টাকাটা অনলাইনে পরিশোধ করেছিলেন। পুলিশ আধিকারিক ভেঙ্কন্না জানিয়েছেন, আগাম খবরের ভিত্তিতে নজরদারি চালিয়ে নম্রতা ও সরবরাহকারীকে হাতেনাতে ধরা হয়।
জিজ্ঞাসাবাদে নম্রতা স্বীকার করেছেন, তিনি ইতিমধ্যে প্রায় ৭০ লক্ষ টাকা মাদকের পেছনে খরচ করেছেন। তাঁর বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে অভিযুক্তরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
ঘটনাটি চিকিৎসক সমাজে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে এবং সমাজের উঁচু স্তরের এই ধরনের মাদক আসক্তি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।







