খেলাধুলা

এল ক্লাসিকো’র নাটকীয়তায় এমবাপের হ্যাটট্রিক ম্লান, লা লিগার দোরগোড়ায় বার্সা

ফুটবল রোমাঞ্চ কীভাবে এক ম্যাচেই তার সব রং দেখাতে পারে, তার নিখুঁত উদাহরণ হয়ে থাকল এই ‘এল ক্লাসিকো’। কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করলেন, রিয়াল ম্যাচে ২-০ এগিয়েও গেল শুরুতে—তবু শেষ হাসি হান্সি ফ্লিকের বার্সেলোনার। ৪-৩ গোলে জয় এনে শুধু রিয়ালকে চাপে ফেলল না, কার্যত লা লিগা ট্রফিও তুলে রাখল নিজেদের জন্য।

ম্যাচের শুরুটা ছিল রিয়ালের একতরফা দাপটের। মাত্র ১৫ মিনিটের মধ্যেই এমবাপে দুই গোল করে ম্যাচের গতি নিজের হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু এরপরই ছন্দপতন। ১৯ মিনিটে এরিক গার্সিয়ার হেডে গোল, ৩২ মিনিটে ইয়ামালের গোলে সমতা এবং ঠিক দুই মিনিট বাদে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির আগেই ফের গোল রাফিনহার। বার্সার প্রতিটি আক্রমণ রিয়ালের ভঙ্গুর রক্ষণকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল।

দ্বিতীয়ার্ধে ম্যাচ কিছুটা স্তিমিত হলেও উত্তেজনার অভাব ছিল না। রিয়াল গোলের সামনে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এমবাপে, ভিনিসিয়াস বা মুনোজ়। শেষদিকে ফেরমিন লোপেজ় দূরপাল্লার অসাধারণ এক গোল করে গ্যালারির উল্লাস ছড়িয়ে দেন, কিন্তু ভিএআরের হস্তক্ষেপে সেটি বাতিল হয় হ্যান্ডবলের জন্য।

বার্সেলোনার পক্ষে এটি ছিল চলতি মরসুমে রিয়ালের বিরুদ্ধে টানা চতুর্থ জয়—লা লিগা, সুপার কাপ ও কোপা দেল রে মিলিয়ে। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট তুলে সাত পয়েন্টের স্পষ্ট ব্যবধানে শীর্ষে বার্সা। বাকি তিন ম্যাচে মাত্র একটি জয়ই আনুষ্ঠানিকভাবে তাদের চ্যাম্পিয়ন করে দেবে। এমবাপে আবারও প্রমাণ করলেন তিনি বড় মঞ্চে দুর্দান্ত, তবে দলগত ব্যর্থতার দায়ে তাঁর ব্যক্তিগত নৈপুণ্য হারিয়ে গেল নিঃশব্দে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.