ধর্মনিরপেক্ষ ভারতের তারকা হয়েও পদবির কারণে বারবার ‘দেশদ্রোহী’ তকমা ও ‘পাকিস্তানে চলে যান’, এমন কটূক্তি শুনেছেন বলিউড সুপারস্টার সলমন খান। কিন্তু বিতর্কের তোয়াক্কা না করে বহুবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের সংস্কৃতিকে গর্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি। কখনও সিনেমায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা, কখনও বা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দুস্থদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন মানবতাই তাঁর আসল ধর্ম।
এবার ৭৯তম স্বাধীনতা দিবসে ভক্তদের জন্য নতুন চমক দিলেন ভাইজান। সাদাকালো ফ্রেমে নিজের কণ্ঠে গাইলেন দেশাত্মবোধক গান ‘সারে জাঁহা সে আচ্ছা…’। ভিডিওটি প্রকাশ পেতেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া। যদিও এর আগে ‘ক্লিক’ ও ‘হিরো’ সিনেমার জন্য গান গেয়েছিলেন সলমন, তবে এবার বিশেষ দিনে তাঁর গায়কসত্তার এই প্রকাশ দেশপ্রেমের আবেগ আরও বাড়িয়ে দিল। বর্তমানে তিনি ব্যস্ত ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির প্রস্তুতিতে। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে তাঁকে। চরিত্রের জন্য কঠোর অনুশীলনে প্রেশার চেম্বারে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন সলমন। সম্প্রতি মুক্তি পাওয়া টিজার পোস্টারে জওয়ানের উর্দি, রক্তাক্ত চেহারা ও চোখে প্রতিশোধের আগুনে ভক্তরা উচ্ছ্বসিত।
পরিচালনা করছেন ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-খ্যাত অপূর্ব লাখিয়া। সলমনের বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং। আগস্ট থেকেই লাদাখে দীর্ঘ শুটিং শিডিউল শুরু হবে, এরপর মুম্বইয়ে শুট হবে। বক্স অফিসে সাম্প্রতিক সময়ে মন্দা কাটাতে এই দেশভিত্তিক ছবিই তাঁর সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে বলে মনে করছেন ভক্তরা। অনেকেরই ধারণা, ছবিটি ৫০০ কোটির ব্যবসা করতে সক্ষম হবে।







