ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে তুরস্কের ক্রমবর্ধমান সমর্থনকে উল্লেখ করে, ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ফেডারেশন (এফডব্লিউআইসিই) ভারতীয় চলচ্চিত্র প্রযোজকদের তুরস্ককে শুটিংয়ের গন্তব্য হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।
ভারতীয় মিডিয়া এবং বিনোদন শিল্পের ৩৬টি বিভিন্ন পেশাদার শিল্পী ও টেকনিশিয়ানদের প্রতিনিধিত্বকারী এই শীর্ষ সংস্থাটি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্ক যেভাবে ভারতের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতীয় চলচ্চিত্র প্রযোজকদের কাছে অনুরোধ, তারা যেন তুরস্ককে শুটিংয়ের স্থান হিসেবে নির্বাচন করার বিষয়টি পুনর্বিবেচনা করেন।
এফডব্লিউআইসিই বরাবরই “দেশ সবার আগে” এই নীতিতে বিশ্বাসী। সাম্প্রতিক ঘটনাবলী এবং তুরস্কের ক্রমাগতভাবে পাকিস্তানের পক্ষ নেওয়ার অবস্থানের কারণে, যা ভারতের জাতীয় অখণ্ডতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে, সংস্থা মনে করে ভারতীয় চলচ্চিত্র শিল্পের এমন কোনো দেশে বিনিয়োগ বা সহযোগিতা করা উচিত নয় যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে সমর্থন বা সুবিধা দিতে পারে।
শুধু কূটনৈতিক স্তরেই নয়, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও তুরস্কের ভারত বিরোধী অবস্থান লক্ষ্য করা গেছে। এফডব্লিউআইসিই মনে করে, ভারতীয় মাটি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি শিল্প হিসেবে, দেশের মর্যাদা ও নিরাপত্তাকে যারা ক্ষুন্ন করে তাদের প্রতি উদাসীন থাকা যায় না।
সংস্থাটি সমস্ত প্রযোজনা সংস্থা, লাইন প্রযোজক, অভিনেতা, পরিচালক এবং কলাকুশলীদের কাছে অনুরোধ করেছে, তারা যেন জাতীয় ঐক্যের প্রতি সম্মান জানিয়ে তুরস্ককে চলচ্চিত্র শুটিংয়ের স্থান হিসেবে বয়কট করেন, যতক্ষণ না দেশটি তাদের কূটনৈতিক অবস্থান পরিবর্তন করে এবং পারস্পরিক সম্মান ও অ-হস্তক্ষেপের নীতিতে ফিরে আসে।
এদিকে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সাধারণ সম্পাদক অশোক দুবে জম্মু ও কাশ্মীরের পহেলগামে গত ২২শে এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন।







