বিনোদন

সোনু নিগমের বিরুদ্ধে এফআইআর বাতিলের আবেদন, কর্ণাটক হাই কোর্টের দ্বারস্থ গায়ক

কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলা ঘিরে করা মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। এই প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আর্জি নিয়ে কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৫ জন নিরীহ পর্যটক এবং তাঁদের রক্ষায় এগিয়ে আসা এক স্থানীয় যুবক। হামলায় ধর্মীয় পরিচয় দেখে হিন্দু পুরুষ পর্যটকদের নিশানা করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার পর ২৫ এবং ২৬ এপ্রিল বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে শো করতে গিয়েছিলেন সোনু নিগম। সেখানেই তিনি পহেলগাঁও হামলার প্রসঙ্গে এক মন্তব্য করেন যা ঘিরে বিতর্ক দানা বাঁধে।

অভিযোগ, শো চলাকালীন এক দর্শক তাঁকে বারবার কন্নড় গান গাওয়ার অনুরোধ করলে সোনু রেগে গিয়ে বলেন,”এই ধরনের আচরণের জন্যই পহেলগাঁওয়ের হামলার মতো ঘটনা ঘটে।” তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে আভালাহাল্লী থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, তিনি কন্নড় ভাষাভাষী মানুষের আবেগে আঘাত করেছেন এবং কনসার্টে আপত্তিকর মন্তব্য করেছেন। থানার পক্ষ থেকে তাঁকে নোটিস এবং জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

এই এফআইআর বাতিলের দাবিতে আজ, ১৫ মে কর্নাটক হাই কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠির মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সোনু নিগম। তিনি লেখেন,”আমি ৫১ বছরের একজন মানুষ, কারও অপমান সহ্য করার মতো বাচ্চা ছেলে নই। হাজার হাজার লোকের সামনে কেউ আমাকে হুমকি দিচ্ছে, তাও কন্নড় ভাষা নিয়ে। আমি কন্নড় ভাষায় বহু আগে থেকেই গান গেয়ে আসছি। কিন্তু ওরা শোয়ের পরিকল্পনা নষ্ট করছিল, ভয় দেখাচ্ছিল। তাহলে ভুলটা কার?” এই ঘটনার জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এখন দেখার, আদালত কী রায় দেয় এই বিষয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.