দেশজুড়ে ফের চাঞ্চল্য! রাজস্থানের জয়পুর থেকে পাক গুপ্তচর সন্দেহে এক সরকারি কর্মীকে গ্রেফতার করেছে রাজ্য সিআইডি এবং গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম সাকুর খান মাঙ্গালিয়া, যিনি জয়সালমীরের এক সরকারি দফতরে কর্মরত ছিলেন। শুধু তাই নয়, জানা গিয়েছে, তিনি রাজস্থানের প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের ব্যক্তিগত সহকারীর দায়িত্বেও ছিলেন।
গোয়েন্দা সূত্রে দাবি, সাকুর খান পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করতেন। এমনকি, অপারেশন সিঁদুর চলাকালীন জেলা প্রশাসনের কন্ট্রোল রুমেও উপস্থিত ছিলেন তিনি, যা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক। সাকুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি পাকিস্তানের দূতাবাসের এক কর্মীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বেশ কয়েকবার পাকিস্তান সফরও করেছেন।
তাঁর মোবাইল ফোন ঘেঁটে একাধিক পাকিস্তানি নম্বরের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। যদিও কোথা থেকে এই নম্বর পেয়েছেন, তার সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত। এমনকি, গ্রেফতারের আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ডিলিট করে দেন সাকুর, যাতে তাঁর আর্থিক লেনদেনের তথ্য গোপন রাখা যায়।
তবে এখনও পর্যন্ত তাঁর কাছ থেকে সেনাবাহিনী সংক্রান্ত কোনও গোপন তথ্য মেলেনি বলেই জানিয়েছে পুলিশ। গোয়েন্দারা এখন তাঁর যোগাযোগের জাল, বিদেশ সফরের উদ্দেশ্য এবং সম্ভাব্য নথিপত্র পাচারের বিষয়ে তদন্ত চালাচ্ছেন।
এই ঘটনা ফের প্রমাণ করে দিল, দেশের অন্দরেই লুকিয়ে রয়েছে শত্রুরা। রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় সকলের সতর্কতা ও সচেতনতাই এখন একমাত্র হাতিয়ার।







