পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ও এস ডব্লু এম (SWM) প্রকল্পের মাধ্যমে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বাজারে স্টিল বিন বসানো শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রতাপদিঘী বাজারে কঠিন বর্জ্য সংগ্রহের জন্য স্থাপিত স্টিল বিনগুলির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মৃণালকান্তি দাস, পটাশপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খ ঘটক, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, সিরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরবি দাস, প্রাক্তন প্রধান রামচন্দ্র দাস ও বিশিষ্ট সমাজসেবী সত্যেস্বর নন্দি।
উদ্বোধনের পরে সিরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এস ডব্লু এম সেন্টারে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সাধারণ মানুষকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব ও প্লাস্টিক বর্জ্যের পরিবেশে প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি জানান, “এই প্রকল্পের মাধ্যমে ব্লকের বিভিন্ন এলাকায় মোট ৭৭টি ইউনিট তৈরি করা হয়েছে। লক্ষ্য, যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ করে নির্দিষ্ট বিন-এ বর্জ্য ফেলে সেগুলো সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের জন্য PWM সেন্টারে পাঠানো। এতে জলনিকাশির সমস্যা কমবে, ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধ সম্ভব হবে।”
এই প্রকল্পের মাধ্যমে ব্লক জুড়ে একটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন সমাজ গঠনের দিশা তৈরি হচ্ছে।







