জনপ্রিয় চিত্রনায়িকা নুসরত ফারিয়া অবশেষে জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৮ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৯ মে আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। নুসরত ফারিয়ার বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে হত্যাচেষ্টা’র অভিযোগ আনা হয়েছিল। তবে গ্রেফতারের পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই গ্রেফতারকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন,”নুসরত ফারিয়ার গ্রেফতার আমাদের জন্য বিব্রতকর। আমাদের মূল কাজ হওয়া উচিত প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা।” অভিনেত্রী আজমেরী হক বাঁধন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন,”কী লজ্জার বিষয়! যাঁরা ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, তাঁদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।” পরিচালক আশফাক নিপুন বলেন,”এই ঘটনা ইঙ্গিত দেয় কীভাবে প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। নুসরতের বিরুদ্ধে আনা অভিযোগের সময় তিনি দেশেই ছিলেন না, তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।”
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করা নুসরত ফারিয়াকে ঘিরে এ ঘটনায় দেশের সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষ ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান,”এই সিদ্ধান্ত ন্যায়বিচারের পথে এক ইতিবাচক পদক্ষেপ।” এই ঘটনা সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গভীর প্রশ্নের জন্ম দিয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।







