মুম্বাইয়ের মালওয়ানি এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে ওই শিশুকে অচেতন অবস্থায় মালওয়ানির জনকল্যাণ নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন তার মা ও মায়ের প্রেমিক। শিশুটির মা জানান, মৃগীরোগে আক্রান্ত হয়ে তার মেয়ের শ্বাস বন্ধ হয়ে যায়।
তবে চিকিৎসকদের সন্দেহ জাগে, কারণ প্রাথমিক চিকিৎসার সময় শিশুটির গোপনাঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন লক্ষ্য করেন তাঁরা। অবিলম্বে বিষয়টি জানানো হয় পুলিশকে। পরে ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হয়, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
মালওয়ানি থানার পুলিশ অভিযুক্ত মা (৩০) এবং তার প্রেমিককে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী খুন, ধর্ষণ ও শিশু সুরক্ষা আইন (পকসো)-এর অধীনে গ্রেফতার করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও নৃশংস তথ্য। জানা গিয়েছে, তিন বছর আগে ওই মহিলার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং পরে বাপের বাড়িতে একটি কন্যাসন্তানের জন্ম দেন। সেখানেই এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সবচেয়ে ভয়াবহ দিক হলো, এই পাশবিক ঘটনার সময় শিশুটির মা ঘরেই উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি না শুধু প্রতিবাদ করেননি, বরং ঘটনার পর বিভ্রান্তিকর তথ্য দিয়ে চিকিৎসকদের ও প্রশাসনকে ভুল পথে চালিত করার চেষ্টা করেন।
এই ঘটনা নিয়ে মুম্বাইজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজের নানা স্তরে ক্ষোভ, ঘৃণা এবং শাস্তির দাবিতে গর্জে উঠেছেন মানুষ। শিশুর সুরক্ষা ও সমাজের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
পুলিশ জানিয়েছে, এই নৃশংস অপরাধের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং দ্রুত চার্জশিট পেশ হবে।







