‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকা পাড়ুকোন ও প্রভাসের জুটি দেখা গেলেও, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’-এ আর দেখা যাবে না দীপিকাকে। শোনা যাচ্ছে, পরিচালক নিজেই নাকি অভিনেত্রীকে এই প্রকল্প থেকে বাদ দিয়েছেন। তেলেগু সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, দীপিকার ‘অত্যাধিক’ চাহিদার কারণেই নাকি পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছেন। দীপিকার পক্ষ থেকে কিছু বিশেষ শর্ত রাখা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল দিনে মাত্র ৮ ঘণ্টা কাজের সীমা নির্ধারণ, ছবির লাভের একটি বড় অংশ দাবি করা এবং তেলুগু ভাষায় ডায়ালগ বলতে অনীহা। এসব শর্ত মেনে নেওয়া পরিচালকের পক্ষে কঠিন হয়ে পড়ে।
জানা গেছে, ‘স্পিরিট’ ছবির জন্য দীপিকা দেশের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হতে চলেছিলেন। প্রায় ২০ কোটি টাকার পারিশ্রমিক দাবি করেছিলেন তিনি। তবে অতিরিক্ত দাবির কারণেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা শেষমেশ বিরক্ত হয়ে পড়েন এবং দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন তিনি নতুন অভিনেত্রীর খোঁজে রয়েছেন।
এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, দীপিকার গর্ভাবস্থার কারণে ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। যদিও শুটিংয়ের জন্য তারিখ নির্ধারণ করার পরেও দীপিকা ছবিটি সাইন করতে অস্বীকার করেন। তবুও পরিচালক নতুন সময়সূচী তৈরির উদ্যোগ নেন। শেষ পর্যন্ত সবদিক বিবেচনা করে দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন সন্দীপ। এখন দেখার, কে হচ্ছেন প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’-এর নতুন মুখ।







