২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এবার নদিয়ার কৃষ্ণনগরে ডিপিএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলেন। তাঁদের দাবি, প্রাথমিকে প্রায় ৫০ হাজার শূন্য পদে অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এদিন কৃষ্ণনগর গভমেন্ট কলেজ মাঠ থেকে প্রার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে পদযাত্রা করে ডিপিএসসি অফিসে পৌঁছান এবং চেয়ারম্যানের কাছে নিজেদের দাবিপত্র জমা দেন।
তাঁদের অভিযোগ, ২০২২ সালে টেট উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকেনি পর্ষদ। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন শিক্ষক নিয়োগে শূন্যপদ রয়েছে, তবু সরকারের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না। এর আগেও তাঁরা কলকাতায় ধরনায় বসে আন্দোলন করেছেন, কিন্তু কোনও ইতিবাচক সাড়া মেলেনি।
চাকরিপ্রার্থীরা জানান, দীর্ঘ তিন বছর ধরে তাঁরা শুধুই আশ্বাস পাচ্ছেন, কিন্তু বাস্তবে কোনও নিয়োগ হচ্ছে না। তাঁরা মনে করেন, মুখ্যমন্ত্রী চাইলে অবিলম্বে নিয়োগ সম্ভব। তাই তাঁদের স্পষ্ট বার্তা— অবিলম্বে যদি শিক্ষক নিয়োগ শুরু না হয়, তবে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
এই ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে তাঁরা সরকারের কাছে এক চূড়ান্ত বার্তা দিতে চান— আর দেরি নয়, এবার চাই অবিলম্বে চাকরি ও শিক্ষার ভবিষ্যৎ নিশ্চিত করার পদক্ষেপ।







