খেলাধুলা

টেস্ট ক্যাপ্টেন হওয়ার পরের দিনেই শুভমনের পরাজয়, গুজরাতকে হারিয়ে মরশুম শেষ ধোনিদের

শুভমন গিল টেস্ট ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ইতিহাসে নাম লেখালেন ঠিকই, কিন্তু পরদিনই আইপিএলে তাঁর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্সের করুণ পরাজয় যেন তুলে দিল একগুচ্ছ প্রশ্ন। একদিকে জাতীয় দলের সম্মান, অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি দলের হতশ্রী পারফরম্যান্স—এই দুই মেরুর টানাপোড়েনে শুভমনের মানসিক প্রস্তুতি নিয়েই উঠছে সন্দেহ। মাঠে তাঁর শরীরী ভাষা, ফিল্ডিং সেটআপ, এমনকি ব্যাটিংয়ের ধরণে কি একটু গড়বড় লেগেছে?

গুজরাত টাইটান্স টেবিলের শীর্ষে থাকার পরেও শেষ ম্যাচে হেরে বসে শেষ করল লিগ পর্ব। প্রতিপক্ষ ছিল আইপিএলের ‘লাস্ট বয়’ চেন্নাই সুপার কিংস। তবে ধোনির দল যা খেলল, তাতে শীর্ষ দল গুজরাত যেন অনুজপ্রতিম। ধোনির তরুণ ব্রিগেড দাপট দেখিয়ে ম্যাচটা ৮৩ রানে জিতে নিল। এই হার গুজরাতের আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় হার। আর এর কেন্দ্রে প্রশ্নবিদ্ধ শুভমনের অধিনায়কত্ব। শুরু থেকেই ধীরে খেলেছেন, সঠিক সময়ে বোলিং পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছেন।

গুজরাতের ওপেনিং জুটি শুভমন-সুদর্শন টুর্নামেন্টে দুরন্ত রান করেছেন বটে—সুদর্শন ৬৭৯, শুভমন ৬৪৯। কিন্তু শেষ দুটো ম্যাচে তাঁদের ব্যর্থতা স্পষ্ট। এমনিতে এই দুজনের মধ্যে অন্তত একজন ১৮ ওভার পর্যন্ত ক্রিজে থাকলে গুজরাত জেতে। কিন্তু সম্প্রতি সেই ধারাবাহিকতা ভেঙে গিয়েছে। মিডল অর্ডার যে পর্যাপ্ত অভিজ্ঞ নয়, তা এই চাপের মুহূর্তে পরিষ্কার হয়ে গিয়েছে।

চেন্নাইয়ের জয়ে অবদান তরুণদের—আয়ুষ, উর্বিল ও ব্রেভিস মিলে ২০০-র বেশি স্ট্রাইক রেটে করেছেন ১২৮ রান। অভিজ্ঞ কনওয়ে সেই আগুনে যোগ করেছেন ইন্ধন। হারতে হারতে শিখছে চেন্নাই, কিন্তু ভবিষ্যতের জন্য গড়ছে মজবুত ভিত। ধোনির পরিকল্পনার ছাপ স্পষ্ট।

শুভমনের সামনে এখন একটাই চ্যালেঞ্জ—এই ব্যর্থতার ভেতর থেকেও কীভাবে দলকে জয়ের রাস্তা দেখানো যায়। নইলে নেতৃত্বের ‘ক্রাউন’ হয়ে দাঁড়াবে দায়ের ‘ক্রুশ’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.