রাজনীতিরাজ্য

নবান্নে প্রতীক জৈনের পর সুব্রত বক্সী, ব্লক তালিকা প্রকাশ কি এখন শুধুই সময়ের অপেক্ষা?

পঞ্চায়েত ও লোকসভা ভোটের মাঝে সংগঠন ঢেলে সাজাতে কোমর বেঁধেছে তৃণমূল কংগ্রেস। জেলা স্তরে রদবদলের পর এবার ব্লক স্তরে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দু’দিন আগেই আই-প্যাকের প্রতীক জৈন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করেন। তার পরদিন কালীঘাটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠকের পর শুক্রবার জেলা কমিটির নতুন তালিকা প্রকাশ পায়।

এবার সেই ধারাবাহিকতায় ব্লক স্তরেও রদবদলের সম্ভাবনার কথা স্পষ্ট ইঙ্গিতে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সাধারণত কালীঘাটে দেখা করলেও এবার নবান্নে গিয়ে বৈঠক করায় জল্পনা আরও বেড়েছে।

তৃণমূল সূত্রের খবর, ব্লক স্তরের তালিকা প্রায় চূড়ান্ত। আই-প্যাক স্থানীয় স্তরে সমীক্ষা চালানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বিধায়কের কাছে ব্লক সভাপতি পদের জন্য তিনটি করে নাম চেয়ে পাঠিয়েছিলেন। সেই দুটি তালিকা মিলিয়ে নতুন নেতৃত্ব বাছাইয়ের কাজ প্রায় শেষ। মে মাসের মধ্যেই এই তালিকা প্রকাশ হতে পারে।

দলের কৌশল ছিল মহিলা সংগঠন বাদ দিয়ে ছাত্র, যুব, শ্রমিক—সব ফ্রন্টাল অর্গানাইজেশনে রদবদল আনা। কালীঘাট সূত্রে খবর, এই পরিকল্পনায় এখনও কোনও পরিবর্তন হয়নি। ব্লক স্তরের রদবদলের পর ছাত্র পরিষদ ও যুব সংগঠনের নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে বলেই জল্পনা। কে হবেন নতুন সভাপতি—তা নিয়েই এখন চূড়ান্ত কৌতূহল দলের অন্দরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.