সারাদেশ জুড়ে বর্ষার প্রকোপে নাজেহাল সাধারণ মানুষ। প্রবল বৃষ্টিতে মুম্বাই, দিল্লির মতো শহরগুলিতে যেন নেমে এসেছে এক প্রাকৃতিক দুর্যোগ। এরই মাঝে বলিউড থেকে এল এক দুঃসংবাদ। বর্ষার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। বলিউডের ‘কিসিং কিং’ বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত। সূত্রের খবর অনুযায়ী, ইমরান হাশমি সম্প্রতি মুম্বাইয়ের গোরেগাঁওতে দক্ষিণের সুপারস্টার পবন কল্যাণের সঙ্গে ‘ও জি’ সিনেমার শুটিং করছিলেন। সেখান থেকেই শারীরিক অসুস্থতা অনুভব করতে শুরু করেন তিনি।
প্রথমদিকে সামান্য জ্বর এবং গা-ব্যথাকে গুরুত্ব না দিলেও পরে উপসর্গগুলো তীব্রতর হলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করান তিনি। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকেরা ইমরানকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। জ্বর এবং শারীরিক দুর্বলতার কারণে আপাতত তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। যদিও চিকিৎসকেরা নির্দিষ্ট সময়সীমা না জানালেও, প্রাথমিকভাবে প্রায় এক সপ্তাহ শুটিং থেকে দূরে থাকতে হবে বলে জানা গেছে। ইমরান হাশমির পেশাদারিত্ব সম্পর্কে বলিউড মহলে সকলেই অবগত। এমনকি, তার ছেলে যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তখনও তিনি নিজের কাজ বন্ধ রাখেননি।
সম্প্রতি তিনি ‘আওয়ারাপান ২’-এর ঘোষণাও দিয়েছিলেন, যা খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছিলেন অভিনেতা। অসুস্থতার কারণে কাজ থেকে দূরে থাকলেও মন থেকে একেবারেই ভালো নেই ইমরান। তবে প্রযোজকদের তরফ থেকেও তাকে বিশ্রামের জন্য উৎসাহিত করা হয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার কামনা জানানো হয়েছে। অনুরাগীরা এই বলিউড তারকার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।







