খেলাধুলা

“নেতৃত্ব আমারও প্রাপ্য”! শুভমনের অভিষেকের আগেই বিস্ফোরক জাডেজা

ভারতের টেস্ট দলের নেতৃত্ব এখন শুভমন গিলের হাতে। তরুণ মুখকে দীর্ঘমেয়াদে তৈরি করতেই বোর্ডের এই সিদ্ধান্ত। তবে শুভমনের নেতৃত্বের যাত্রা শুরু হতেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। রোহিত শর্মার অবসরের পর যখন সম্ভাব্য অধিনায়কদের তালিকা তৈরি হচ্ছিল, তখন সে তালিকায় ছিল না তাঁর নাম। তবু হঠাৎই তিনি জানিয়ে দিলেন, “আমি প্রস্তুত। নেতৃত্ব পেলে স্বচ্ছন্দে দায়িত্ব নিতে রাজি।”

রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে নিজের ইচ্ছার কথা জানান জাডেজা। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন অধিনায়কের অধীনে খেলার সুবাদে তিনি জানেন, দলের কী প্রয়োজন। মানসিকতা ও পরিবেশ গঠনে একজন অধিনায়কের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি নিজেই উপলব্ধি করেছেন। ধোনির উদাহরণ টেনে বলেন, “ধোনি জানত, ব্যাটার কোন জায়গায় খেলতে ভালোবাসে। তাই সেখানেই ফিল্ডার রাখত। এমন সহজ ভাবনা থেকেই নেতৃত্ব তৈরি হয়।”

তবে প্রশ্ন উঠছে, ৩৬ বছর বয়সী জাডেজা সত্যিই কি ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন? যদিও অশ্বিন আগে থেকেই জাডেজার নাম সামনে এনেছিলেন। তাঁর মতে, অভিজ্ঞ কাউকে অন্তর্বর্তীকালীন নেতৃত্বে রেখে একজন তরুণকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই হতো বুদ্ধিমানের কাজ। এই যুক্তিতেই জাডেজা এখনও আলোচনার কেন্দ্রে।

জাডেজা আবার মনে করেন, টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়া তুলনামূলক সহজ। “ফিল্ডিং পুরো বদলাতে হয় না। বোলার বুঝে জায়গা বদলালেই হয়। আইপিএল বা টি-টোয়েন্টিতে যেমন প্রতিটা বলেই চ্যালেঞ্জ থাকে, এখানে তা নয়।” তাঁর আত্মবিশ্বাস, অভিজ্ঞতা আর উপলব্ধি—সব মিলিয়ে তাঁকে এখনই বাতিল করে দেওয়া ঠিক নয়।

জাডেজা আরও জানান, প্রথমে ভাবেননি তিনি ৮০টি টেস্ট খেলবেন। তাঁর ধারণা ছিল, সাদা বলই তাঁর আসল জায়গা। কিন্তু এখন, অভিজ্ঞতার ঝুলিতে ভর করে তিনি টেস্ট নেতৃত্বের দাবিদার—এ বার্তাই কি গম্ভীর বা বোর্ডকে ঘুরিয়ে দিলেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.