শ্রীরামপুরের কানাইপুরে তেরো বছরের এক বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর নির্মম খুনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে নপাড়া এলাকা থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ নিখোঁজ হয়েছিল ওই নাবালিকা। রাতভর খোঁজ করেও পাওয়া যায়নি। অবশেষে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পুলিস ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মেলে দেহ।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত অসীম মজুমদার নামে স্থানীয় এক যুবকই সেদিন ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে বেপাত্তা। পুলিস ধর্ষণ ও খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
শুক্রবার নিহত কিশোরীর বাড়িতে যান হুগলির সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নিহতের দিদিমা ও দিদির সঙ্গে দেখা করেন। কথা বলার সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। সাংসদ তাঁদের আশ্বস্ত করে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন এবং রাজ্য সরকার পরিবারটির পাশে আছে। অভিযুক্তের যাতে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড হয়, সেই চেষ্টা করবে সরকার।
তিনি বলেন, “এটি বিরল থেকে বিরলতম অপরাধ। একটি শিশু কন্যার সঙ্গে এমন নির্মম আচরণ কল্পনার বাইরে। সমাজের মধ্যে লুকিয়ে থাকা এই দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।”
এই হৃদয়বিদারক ঘটনায় তীব্র ক্ষোভ এবং শোক ছড়িয়ে পড়েছে সর্বত্র। সাধারণ মানুষ দ্রুত বিচার ও দোষীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।







