সোমবার ব্যস্ত সময়ে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল বেহালার সখেরবাজার এলাকা। ধর্মতলা থেকে ডায়মন্ডহারবারগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন এক মহিলা। দুর্ঘটনাটি ঘটে সখেরবাজার ক্রসিংয়ের কাছেই।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতা মহিলা ওই বাসেরই যাত্রী ছিলেন। সখেরবাজার ক্রসিংয়ে তিনি বাস থেকে নামার সময় তাঁর শাড়ির আঁচল বাসের সিঁড়িতে জড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সিগন্যাল ছেড়ে দেওয়ায় বাসটি চলতে শুরু করে। ভারসাম্য হারিয়ে পড়ে যান মহিলা এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন।
স্থানীয় দোকানদার ও পথচলতি সাধারণ মানুষ ছুটে এসে দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঠাকুরপুকুর থানার পুলিশ বাসটিকে আটক করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। এখনও পর্যন্ত মৃত মহিলার নাম পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাসস্টপের আশেপাশে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি না থাকার ফলেই এমন মর্মান্তিক ঘটনা বারবার ঘটছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে।
এই ঘটনার জেরে শহরের ট্রাফিক ব্যবস্থার নিরাপত্তা এবং বাস চলাচলের নিয়ম মেনে চলার গুরুত্ব ফের একবার সামনে এল।







