২২ গজের ৫০ ওভারে , শেষ ১৩ বছরের ক্যারিয়ার । এক দিনের ফরম্যাটকে বিদায় অস্ট্রেলিয়ান তারকা ব্যাটারের। ২৩ এর এক দিনের বিশ্বকাপে ভারতের মাটিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন তিনি। পায়ে ক্র্যাম্প নিয়েও অপরাজিত ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন তিনি । বলাই যায় , একা দাঁড়িয়ে জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে । এবার সেই এক দিনের ক্রিকেটকেই বিদায় জানালেন । অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্কাস স্টয়নিসের পর এবার এক দিনের ক্রিকেট থেকে অবসরের তালিকায় যুক্ত হলেন গ্লেন ম্যাক্সওয়েল।
এক দিনের ক্রিকেট থেকে অবসরের কারণ হিসেবে ম্যাক্সওয়েল জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেটের শারীরিক চাপ ও তার পায়ের চোটের কারণে পারফরম্যান্সে প্রভাব পড়ছিল। তিনি অনুভব করছিলেন যেন দলের প্রতি তিনি ন্যায়বিচার করতে পারছেন না। এজন্য তিনি ওডিআই থেকে সরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান।
উল্লেখ্য , এখনো পর্যন্ত ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলে ম্যাক্সওয়েল গড়েছেন মোট ৩,৯৯০ রান । এক দিনের ফরম্যাটে ম্যাক্সওয়েলের গড় রান ৩৩.৮১ , স্ট্রাইক রেট ১২৬.৭ । পাশাপাশি এই ফরম্যাটে ম্যাক্সওয়েলের ঝুলিতে আছে ৭৭ টি উইকেট । তাঁর ইকোনোমি রেট ৫.৪৬ । ২০১৫ ও ২০২৩ , দুবারই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল । ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার ২০১* রানের অবিশ্বাস্য ইনিংস ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে।
তবে অবসরের পর ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে ম্যাক্সওয়েলের ? জানা গিয়েছে, তিনি এখন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোনিবেশ করবেন। ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া দলের ভবিষ্যৎ দিক নিয়ে আশাবাদী এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অবদান রাখতে চান।
অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সিলেকশন বোর্ডের চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, “ম্যাক্সওয়েল ওডিআই ক্রিকেটের অন্যতম সবচেয়ে ডায়নামিক খেলোয়াড়। আমরা আশা করি, টি-টোয়েন্টি ফরম্যাটে সে আরও অনেকদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” গ্লেন ম্যাক্সওয়েলের এই সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীরা যেমন আবেগপ্রবণ, তেমনি তার টি-টোয়েন্টি জার্নির জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন সকলেই ।







