দীর্ঘ ২২৪ দিনের অপেক্ষার অবসান হতে চলেছে। আবার একসঙ্গে মাঠে নামতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তবে এই সফরই হয়তো তাঁদের শেষ বিদেশ সফর হতে পারে—এমন গুঞ্জনে তোলপাড় ক্রিকেটবিশ্ব। ১৯ অক্টোবর পারথে অস্ট্রেলিয়া সফর শুরু করবে ভারত। কিন্তু সিরিজ শুরুর ১৩ দিন আগেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়া যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, ভক্তরা প্রস্তুত ‘রো-কো যুগের’ বিদায়ী পর্ব দেখার জন্য।
চলতি বছরের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা মেলেনি এই দুই মহাতারকার। সেই কারণে তাঁদের প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা তুঙ্গে। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি মিলিয়ে মোট আটটি ম্যাচের ১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানাচ্ছে, অ্যাডিলেড ও সিডনির সব টিকিট নিঃশেষিত, পারথেও বিক্রির শেষ পর্যায়ে।
অস্ট্রেলিয়ার মাটিতে এবার রোহিতের পরিবর্তে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রোহিত-কোহলিই। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে দূরে থাকা এই দুই ক্রিকেটারকে এক নজর দেখার জন্য উপচে পড়ছে ভিড়। তাঁদের যুগলবন্দি, একসঙ্গে শেষ সফর—সমর্থকদের কাছে নস্টালজিয়ারও উপলক্ষ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গের ভাষায়, “সম্ভবত এটাই শেষবার আমরা বিরাট ও রোহিতকে নিজেদের দেশে দেখতে পাব।” তাঁর এই মন্তব্যে যেন একরাশ আবেগ জুড়ে গেল সিরিজের আবহে। অজিভূমের এই সফর শুধু ম্যাচ নয়—হয়তো ভারতীয় ক্রিকেটের এক মহাযুগের শেষ অধ্যায়ও।







