কলকাতা:বিজয়া দশমীর দিন দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণ নিউ আলিপুর সুরুচি সংঘের পুজো দেখতে এলেন শিল্পপতি সজ্জন জিন্দল। মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো বলে পরিচিত এই মণ্ডপে পৌঁছে বিদ্যুৎমন্ত্রী তাঁকে স্বাগত জানান এবং দেবীমূর্তির কাছে নিয়ে যান। স্ত্রী সঙ্গীতা জিন্দল-কে সঙ্গে নিয়েই প্রথমবার কলকাতার দুর্গোৎসবের স্বাদ নিলেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার।
প্রণাম সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলায় বিনিয়োগ প্রসঙ্গে জিন্দল বলেন,
“আমার মাথায় অনেক পরিকল্পনা রয়েছে। তবে সবটাই মা দুর্গার আশীর্বাদের উপর নির্ভর করছে। বাংলায় বড়সড় বিনিয়োগের পরিকল্পনা আমাদের রয়েছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমি নিজের মতামত জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী মমতাদিদির সহযোগিতাও আমি পেয়েছি।”
এই প্রথম দুর্গাপুজো দেখতে এসে মুগ্ধ জিন্দল আরও বলেন,
“আমরা মুম্বইতে থাকি, তাই গণপতি উৎসবের সঙ্গে বেশি পরিচিত। কিন্তু কলকাতায় এসে যা দেখলাম, তা সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এখানকার শিল্প সত্যিই আন্তর্জাতিক মানের। তাই তো এই উৎসব ইউনেস্কোর ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে।”
নিজের মোবাইলে মণ্ডপসজ্জার ভিডিও রেকর্ডও করেন তিনি। তার কথায়,
“এই স্মৃতিগুলি আমি আমার সন্তানদের দেখাতে চাই, যাতে তারা বুঝতে পারে শিল্প-সংস্কৃতির মাধ্যমে কিভাবে ইতিহাসকে জীবন্ত করে তোলা যায়।”
জিন্দল দম্পতির উপস্থিতিতে বিজয়া দশমীর দিন সুরুচি সংঘের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায়। শিল্পপতির বিনিয়োগ বার্তা রাজ্যের শিল্প মহলেও আশার আলো জাগিয়েছে।







