বীরভূমের রাজনীতিতে বড়সড় পালাবদল। সাঁইথিয়া বিধানসভার কুনুরি-সহ একাধিক গ্রাম থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ১৫০টি পরিবার। মঙ্গলবার সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ে জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। বিজেপির দাবি, তৃণমূল নেতৃত্বের অভাব, সংখ্যালঘু তোষণ এবং সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলেই মুখ ফিরিয়েছেন এই পরিবারগুলি।
এই ঘটনায় ফের সামনে এল অনুব্রত-পরবর্তী রাজনৈতিক প্রভাব। গত মাসেই নলহাটি বিধানসভার অন্তত ৫৫টি পরিবার তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখায়। মে মাসের শেষদিকে হাসন ও নলহাটি মিলিয়ে ৩ দিনে ২৫০টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি saffron শিবিরের।
দলের অন্দরে চলছে সংগঠনিক রদবদল। জেলা সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরিয়ে কোর কমিটির ওপর আস্থা রেখেছে তৃণমূল। কিন্তু তারই ফাঁকে দলত্যাগের হিড়িক বিজেপিকে উজ্জীবিত করেছে। পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটি ঘাসফুলের কাছে অশনি-সঙ্কেত।
এদিকে, অনুব্রত মণ্ডলের ফোন হুমকি-কাণ্ডে উত্তপ্ত বীরভূম। একাধিক নোটিশ সত্ত্বেও থানায় হাজিরা না দেওয়া এবং অসুস্থতার অজুহাত ঘিরে প্রশ্ন তুলছে বিরোধীরা। TMCP নেতাকে সাসপেন্ড করলেও অনুব্রতর ‘ক্ষমা চাওয়া’তেই কি মিলবে মুক্তি?
সবমিলিয়ে বীরভূমের রাজনৈতিক হাওয়া যেন নতুন মোড় নিচ্ছে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা রাজ্যে।






