বিনোদন

পরিচালক মণীশ গুপ্তার বিরুদ্ধে ড্রাইভারকে ছুরি মারার অভিযোগ, থানায় এফআইআর

এটি যেন কোনো থ্রিলার ছবির চিত্রনাট্য। নিজেরই ড্রাইভারকে ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ উঠল বলিউড পরিচালক মণীশ গুপ্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ভারসোভা এলাকার সাগর সংযোগ বিল্ডিংয়ে পরিচালক মণীশ গুপ্তার বাসভবনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী ৩২ বছর বয়সি রাজিবুল ইসলাম লস্কর, গত তিন বছর ধরে মণীশ গুপ্তার ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর অভিযোগ, বেতন সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটে। এফআইআরে রাজিবুল জানিয়েছেন, মাসিক ২৩ হাজার টাকা বেতনে কাজ করলেও, বহুদিন ধরে তিনি সময়মতো বেতন পাচ্ছিলেন না। গত ৩০ মে বকেয়া মেটানো ছাড়াই তাঁকে কাজ থেকে বরখাস্ত করেন পরিচালক।

বকেয়া পাওয়ার আশায় তিনি আবারও কাজে যোগ দেন, কিন্তু অর্থ না পেয়ে বৃহস্পতিবার রাতে পরিচালকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা বাধে। অভিযোগ, সেই ঝগড়ার জেরে রান্নাঘরের ছুরি দিয়ে তাঁকে আক্রমণ করেন মণীশ গুপ্তা। ঘটনার পর রাজিবুল লস্কর ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই পুলিশ বিষয়টি তদন্ত করছে। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, পরিচালকের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হোক। প্রসঙ্গত, মণীশ গুপ্তা একজন খ্যাতনামা চিত্রপরিচালক ও লেখক। তিনি ‘দ্য স্টোনম্যান মার্ডারস’, ‘৪২০ আইপিসি’, এবং ২০২৩ সালের ‘ওয়ান ফ্রাইডে নাইট’-এর মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন। এছাড়াও রাম গোপাল ভার্মার ‘ডি’ ও ‘সরকার’ ছবির চিত্রনাট্যও তাঁর লেখা। এই ঘটনায় বলিউডে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার, তদন্ত কোন দিকে মোড় নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.