দেশস্বাস্থ্য

ফের অসুস্থ সোনিয়া গান্ধী, শিমলায় ছুটি কাটাতে গিয়ে হাসপাতালে ভর্তি

ফের অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। শিমলায় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটাতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লে তাঁকে তড়িঘড়ি ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে, চলছে এমআরআইও।
জানা গেছে, গত সোমবারই শিমলা পৌঁছান ৭৮ বছর বয়সী সোনিয়া গান্ধী। উদ্দেশ্য ছিল প্রকৃতির কোলে কয়েকটা দিন নিরিবিলি কাটানো এবং কয়েকটি মন্দিরে যাওয়া। কিন্তু ছুটির আনন্দ মাটি করে দিয়ে হঠাৎই অসুস্থতা তাঁকে গ্রাস করে। যদিও ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। শিমলার সবচেয়ে নামী এই হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও তাঁকে দেখতে যেতে পারেন বলে খবর।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। গত তিন বছরে একাধিকবার তাঁর অসুস্থতার খবর সামনে এসেছে। দুবার কোভিড আক্রান্ত হওয়ার পরও নানা জটিলতা তাঁর পিছু ছাড়েনি। গত ডিসেম্বরে ৭৮তম জন্মদিনের সময়েও তিনি অসুস্থ ছিলেন, যার কারণে কর্নাটকের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারেননি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সংসদীয় রাজনীতিতে তিনি যথেষ্ট সক্রিয়। তবে দলের সাংগঠনিক বিষয় থেকে এখন তিনি অনেকটাই দূরে। দলের এই বর্ষীয়ান নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.