কলকাতা পুরসভার তরফে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পরও সেই জায়গায় ফের নির্মাণকাজ শুরু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কলকাতা পুরসভার কমিশনার স্মীতা পাণ্ডেকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশের পরও কীভাবে একই জায়গায় নতুন করে নির্মাণ শুরু হল, তা নিয়ে পুরসভার আইনজীবীর ভূমিকা ও তথ্যের ঘাটতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে এই নির্দেশ দিয়েছে আদালত।
হাইকোর্টে হাজিরার পর পুর কমিশনার স্মীতা পাণ্ডের সঙ্গে কথা বলার সময় প্রধান বিচারপতি মহারাষ্ট্রে তাঁর কাজের অভিজ্ঞতার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি জানান, মহারাষ্ট্রে বিএমসি, থানে, কল্যাণ-ডোম্বিভলি, নভি মুম্বই-সহ ৮-১০টি পুরনিগম সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, অনেক সময় পুর কমিশনারদের কাছে সংশ্লিষ্ট এলাকার মাঠপর্যায়ের সম্পূর্ণ তথ্য পৌঁছয় না। নির্দিষ্ট কিছু তথ্য দিয়েই তাঁদের পরিস্থিতি সম্পর্কে অবহিত রাখা হয়। ফলে শহরের কোথায় কী ঘটছে, তার পূর্ণাঙ্গ ছবি কমিশনারদের সামনে সবসময় থাকে না।
প্রধান বিচারপতির বক্তব্য, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পুরসভার আইনজীবীর পর্যাপ্ত তথ্য না থাকায় কমিশনারকে আদালতে ডেকে পাঠানোর প্রয়োজন হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে কোনও বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পর সেখানে ফের যাতে কোনও নির্মাণকাজ শুরু না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব পুর প্রশাসনের।
মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ১৪ অক্টোবর। ওই দিন পর্যন্ত বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া এবং পরবর্তীতে যাতে সেখানে ফের নির্মাণকাজ না হয়, তা নিশ্চিত করতে রাজ্য ও কলকাতা পুরসভা কী কী পদক্ষেপ করেছে, তার একটি ইতিবাচক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।







