ক্রিকেট কেবল খেলা নয়, তা ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। সেই ইতিহাসেই এক অন্যতম নাম মনসুর আলি খান পটৌদী। আর সেই নাম মুছে ফেলায় শুরু হয়েছিল বিতর্ক। ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের ঐতিহ্যবাহী ‘পটৌদী ট্রফি’র নাম বদলে রেখে দেওয়া হয় ‘সচিন-অ্যান্ডারসন ট্রফি’। এই পরিবর্তন নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে ক্ষোভ তৈরি হয়। এবার সেই ক্ষোভ প্রশমনে নিজের কণ্ঠ দিলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর।
সচিন সরাসরি অনুরোধ করেছেন ভারতীয় ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে—ট্রফির নাম যাই হোক, পটৌদীর ঐতিহ্য যেন মুছে না যায়। তিনি প্রস্তাব দেন, সিরিজের কোনও না কোনও গুরুত্বপূর্ণ অংশ যেন পটৌদীর নামে উৎসর্গ করা হয়। সচিনের আবেগঘন অনুরোধে সাড়া দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়ে দিয়েছে, বিজয়ী দলের খেলোয়াড়দের যেই মেডেল দেওয়া হবে, তা মনসুর আলি খান পটৌদীর নামেই থাকবে।
পটৌদী ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। মাত্র ২১ বছর বয়সে দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তাঁর বাবা ইফতিকার আলি খান খেলেছেন ইংল্যান্ড ও ভারতের হয়ে—দুটি দেশেরই ক্রিকেট ইতিহাসে তাঁদের অবদান অনস্বীকার্য। তাই এই ট্রফি শুধুই ক্রিকেটীয় লড়াইয়ের স্মারক নয়, বরং এক যুগপৎ ঐতিহ্যের প্রতীক।
ইংল্যান্ডের এই সিদ্ধান্ত ক্রিকেট-প্রেমীদের আশ্বস্ত করেছে। নতুন ট্রফিতে নতুন সম্মান আসলেও, পটৌদীর নাম এখন থেকে জুড়ে থাকবে সোনালি পদকে। সচিনের মতো কিংবদন্তির হস্তক্ষেপেই সম্ভব হল এই ঐতিহ্য রক্ষা।







