রাজ্য সভাপতির নির্দেশ অগ্রাহ্য করে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল তমলুকে। সমবায় ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচনে তমলুক শহর তৃণমূল সভাপতির নমিনেশন ঘিরে একের পর এক বিতর্কে উত্তাল হয়ে উঠেছে জেলা রাজনীতি।
গত ১৮ মে তমলুক টাউন ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির ভোটে জয়ী হয় তৃণমূল। ১৮ তারিখের সেই জয়ের পর পরিচালন মন্ডলীর জন্য ১২ জনের নামের তালিকা রাজ্য সভাপতি সুব্রত বক্সী পাঠালেও, সেই তালিকায় নাম ছিল না তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাড়ার। কিন্তু নির্দেশ উপেক্ষা করেই তিনি নমিনেশন জমা দেন। শুরু হয় চাঞ্চল্য।
এরপর ফের আসে নতুন একটি সংশোধিত তালিকা—যেখানে মনোজ হালদারের বদলে চঞ্চল খাড়ার নাম অন্তর্ভুক্ত হয়। বিষয়টি ঘিরে একাংশ তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, জেলা নেতৃত্ব আর্থিক লেনদেনের বিনিময়ে রাজ্য নেতৃত্বকে বিভ্রান্ত করেছে। সরাসরি অভিযোগের তির তোলা হয়েছে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর দিকেও।
জেলা নেতৃত্বের পাল্টা দাবি—সাংবাদিক সম্মেলন করে দলকে প্রশ্ন করা একেবারেই দলবিরোধী কাজ। অভিযোগ থাকলে দলীয় স্তরেই জানানো উচিত ছিল।
তবে এই কোন্দলকে হাতিয়ার করে বিজেপির তোপ—”তৃণমূল মানেই টাকা মারা কোম্পানি!”
এক দিনের ব্যবধানে নেতৃত্ব পরিবর্তন, রাজ্য নেতৃত্বের নির্দেশ উপেক্ষা, অভিযোগ-পাল্টা অভিযোগ—সব মিলিয়ে তমলুকের সমবায় নির্বাচন ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার আর ঢাকাঢাকির জায়গায় নেই।







