আর থানার সীমান্তে দাঁড়িয়ে ন্যায়ের অপেক্ষা নয়। পশ্চিমবঙ্গে এবার থেকে গুরুতর কোনও অপরাধ ঘটলে, যেকোনও থানায় গিয়েই অভিযোগ জানানো যাবে—সেই ঘটনাস্থল ওই থানার এলাকায় নয়, তবুও। কারণ, এবার রাজ্যে চালু হল Zero FIR ব্যবস্থা।
২০২৫-এর ১৭ জুন পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেট-এর জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে—সব জেলার SP, CP, GRP ও SCRB-কে এখন থেকে Zero FIR নিতে হবে। অর্থাৎ থানার সীমানা না দেখেই FIR রেজিস্টার করতে হবে, এবং তারপর তা নির্দিষ্ট থানায় পাঠানো হবে।
এই ব্যবস্থা এসেছে নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৭৩(১) ধারার ভিত্তিতে। উদ্দেশ্য একটাই—দ্রুত বিচার এবং তদন্তে গতি।
থানায় গিয়ে মৌখিক, লিখিত বা ই-মেলেও অভিযোগ জানানো যাবে। এরপর ২৪ ঘণ্টার মধ্যে সেই FIR সংশ্লিষ্ট থানায় পাঠানো বাধ্যতামূলক। অভিযোগকারীকে বিনামূল্যে FIR-এর কপি দেওয়া হবে। ধর্ষণের মতো ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল করানোও বাধ্যতামূলক।
সব FIR CCTNS-এ আপলোড হবে। প্রতিটি থানায় থাকবে ‘Zero FIR Conversion Register’। নোডাল অফিসার নিয়োগ করে FIR ট্রান্সফার ও ফলোআপ নিশ্চিত করা হবে।
এখন কোনও ওসি যদি jurisdictional অজুহাতে FIR না নেন, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অর্থাৎ, এ যেন পুলিশি ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা—সেখানে অভিযোগকারীর কাজ কেবল থানায় পৌঁছনো, আর দ্রুত ন্যায়ের দায়িত্ব নিচ্ছে প্রশাসন নিজে।







