এক দেশ, এক আইনের নীতিতে এবার আরও এক ধাপ এগোল অসম। সোমবার রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে বিল পেশ করল অসম সরকার। বিয়ে, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার-সহ বিভিন্ন ব্যক্তিগত আইনে সকল নাগরিকের জন্য অভিন্ন নিয়ম চালুর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি লিভ-ইন সম্পর্ক বা একত্রবাসের ক্ষেত্রেও বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে এই বিলে।
প্রস্তাবিত আইনে উল্লেখ করা হয়েছে, একত্রবাসে থাকা যুগলদের সরকারি ভাবে নিজেদের সম্পর্ক নথিভুক্ত করতে হবে। এছাড়াও বিবাহ, ডিভোর্স এবং উত্তরাধিকার সংক্রান্ত একাধিক নিয়মেরও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। তবে বিলটি বিধানসভায় পেশ হতেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং রাইজোর দল-সহ বিরোধী দলগুলি তীব্র আপত্তি জানায়। তাদের দাবি, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আইন আনার আগে সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন ছিল।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডে প্রথম ইউসিসি কার্যকর হয়। পরে মার্চ মাসে গুজরাতও একই পথে হাঁটে। মধ্যপ্রদেশেও অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে গোয়ায় আগে থেকেই আলাদা সিভিল কোড চালু রয়েছে। বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর রামমন্দির নির্মাণ, ৩৭০ অনুচ্ছেদ বাতিল এবং অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথম দুটি বাস্তবায়িত হলেও এখনও সারা দেশে ইউসিসি চালু হয়নি। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধাপে ধাপে এই আইন কার্যকর করার উদ্যোগ দেখা যাচ্ছে।
সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হয়ে অসম বিধানসভায় বিলটি পেশ করেন সংসদীয় বিষয়ক মন্ত্রী অতুল বোরা। বিলে বহুবিবাহ নিষিদ্ধ করার পাশাপাশি লিভ-ইন সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়ে বাধ্যতামূলক নথিভুক্তির প্রস্তাব রাখা হয়েছে। সরকারের দাবি, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। তাদের মতে, বহুবিবাহ নারীদের অধিকার ক্ষুণ্ণ করে এবং পারিবারিক জটিলতা তৈরি করে। তাই একাধিক বিয়েকে বেআইনি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার আরও জানিয়েছে, বর্তমানে সমাজে লিভ-ইন সম্পর্কের প্রবণতা বাড়ছে। ভবিষ্যতে আইনি সমস্যা এড়ানো এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সম্পর্কগুলিকে সরকারি নথিভুক্তির আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি বিয়ের জন্য পুরুষদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মহিলাদের ১৮ বছর নির্ধারণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই বিলের মাধ্যমে প্রথমবার অসমে একত্রবাসের সম্পর্ককে আইনি কাঠামোর মধ্যে আনা হচ্ছে। বাধ্যতামূলক নথিভুক্তিকরণের ফলে সম্পর্কের দুই সঙ্গীর অধিকার সুরক্ষিত হবে। একই সঙ্গে এই ধরনের সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানের অধিকারও স্বীকৃতি পাবে বলে দাবি তাঁর। তবে তফসিলি জনজাতির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না বলেও স্পষ্ট করেছে সরকার।
অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই বিল মানুষের ব্যক্তিগত এবং ধর্মীয় অধিকারের সঙ্গে জড়িত। তাই তাড়াহুড়ো করে আইন পাশ না করিয়ে আগে সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, সামাজিক সংগঠন এবং আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল। বিরোধীদের আশঙ্কা, এই আইনের ফলে রাজ্যের সামাজিক ও ধর্মীয় ভারসাম্যে প্রভাব পড়তে পারে। বিশেষ করে মুসলিম সংগঠনগুলির একাংশ মনে করছে, এই আইন ব্যক্তিগত ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করতে পারে। মঙ্গলবার বিধানসভায় বিলটি নিয়ে আলোচনা এবং ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।







