তিনি শুধু একজন ক্রিকেটার ছিলেন না—ডেভিড লরেন্স ছিলেন প্রতিকূলতাকে হার মানানো এক মূর্ত উদাহরণ। ব্রিটেনে জন্ম নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। তাঁর হঠাৎ মৃত্যুতে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে গভীর শোক। বয়স হয়েছিল মাত্র ৬১। গ্লুস্টারশায়ার কাউন্টি ক্লাবের প্রেসিডেন্ট ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে, লরেন্সের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
১৯৮৮ থেকে ১৯৯২ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে মাত্র পাঁচটি টেস্ট খেলেও রেখে গিয়েছেন অনন্য ছাপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে দুরন্ত ৪ উইকেট সহ একমাত্র ওয়ানডেতেই নজর কাড়েন তিনি। তাঁর কেরিয়ার থেমে যায় এক মর্মান্তিক দুর্ঘটনায়—নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল করতে গিয়ে চরম চোট পান হাঁটুতে। মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানতে বাধ্য হন।
লরেন্স শুধু মাঠের পারফরম্যান্সে নয়, চিন্তাভাবনায়ও ছিলেন সময়ের থেকে এগিয়ে। গ্লুস্টারশায়ারের হয়ে ২৮০টি ম্যাচে ৬২৫টি উইকেট তাঁর ধারাবাহিকতা ও প্রতিভার প্রমাণ। ২০২৪ সালে তিনি জানান, দুরারোগ্য মোটর নিউরন ডিজ়িজ়ে আক্রান্ত হয়েছেন, যে রোগের এখনও স্থায়ী চিকিৎসা নেই। সেই লড়াইয়ের শেষ হল এবার।
ডেভিড লরেন্সের প্রয়াণে শুধু একটি দেশের নয়, গোটা ক্রিকেট দুনিয়ার হার হল এক প্রতিভাবান ও উদারমনের ক্রীড়াবিদের। মাঠে তাঁর গতির ঝড় থেমে গেলেও, সাহসের সেই স্পৃহা দীর্ঘদিন অনুপ্রেরণা জোগাবে আগামী প্রজন্মকে।







