কলকাতা

পোস্তা কাণ্ডে রহস্য আরও গভীর: প্রেমিকের মৃত্যু আত্মহত্যা না কি খুন, সন্দেহের কেন্দ্রে প্রেমিকা

কলকাতার পোস্তার শিবঠাকুর লেনে যুবক রাজেন্দ্র শর্মার মৃত্যুকে ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। আত্মহত্যা না কি খুন—এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। মৃত যুবকের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে এবার রাজেন্দ্রর প্রেমিকা শিখা সিংয়ের বিরুদ্ধেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত ১৬ ডিসেম্বর রক্তাক্ত অবস্থায় তিনতলার বারান্দা থেকে পড়ে রাজেন্দ্র শর্মার মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর জখম অবস্থায় উদ্ধার হন তাঁর প্রেমিকা শিখা সিং। তাঁর শরীরেও একাধিক কোপের চিহ্ন পাওয়া যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, সম্পর্কের টানাপোড়েনের জেরে রাজেন্দ্র ছুরি দিয়ে শিখাকে আঘাত করে পরে নিজেই মরণঝাঁপ দেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার হয়।

তবে তদন্ত যত এগোচ্ছে, ততই একাধিক প্রশ্ন সামনে আসছে। পুলিশের মতে, আদৌ রাজেন্দ্র নিজে ঝাঁপ দিয়েছিলেন, নাকি ধস্তাধস্তির সময় তিনি পড়ে যান, অথবা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়—তা এখনও স্পষ্ট নয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করলেও প্রাথমিকভাবে কোনও চূড়ান্ত মত দিতে পারেননি। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত মন্তব্য করা হয়নি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে রাজেন্দ্রর পেটে থাকা ছুরির আঘাত ঘিরে। সেই আঘাত তিনি নিজেই করেছিলেন, না কি অন্য কেউ ছুরি চালিয়েছিল—তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। শিখা সিং পুলিশকে জানিয়েছেন, রাজেন্দ্র ছুরি হাতে নিয়েই ঝাঁপ দেন। কিন্তু মৃতের পরিবার এই দাবি মানতে নারাজ। শনিবার রাজেন্দ্রর বাবা পোস্তা থানায় শিখা সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, শিখা সুস্থ হলে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি ফরেনসিক ও ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে আশা তদন্তকারীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.