বিনোদন

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ঘিরে নতুন জল্পনা, ডোনার চরিত্রে কি তবে সারা আলি খান?

ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বহুদিন ধরেই বলিউডে এই ছবিটি নিয়ে আলোচনা চলছিল। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, দাদার চরিত্রে পর্দায় দেখা যাবে রাজকুমার রাওকে। তবে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে থাকবেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।

এই আবহেই কলকাতায় আসছেন সারা আলি খান, যার ফলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সম্ভবত ডোনার চরিত্রেই সারাকে ভাবা হচ্ছে নির্মাতাদের তরফে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে সূত্র অনুযায়ী, সারার এবারের কলকাতা সফরের আসল কারণ সৌরভের বায়োপিক নয়। তিনি আসছেন তাঁর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’ প্রচারের জন্য। তাঁর সঙ্গে থাকবেন সহ-অভিনেতা আদিত্য রায় কাপুর। দুজনেই বৃহস্পতিবার সকালে কলকাতা পৌঁছে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য বেঙ্গল টি-২০ লিগের একটি ম্যাচে হাজির থাকবেন সন্ধ্যায়।

জানা গিয়েছে, খেলা শেষে সোজা সৌরভের বেহালার বাড়িতে যাবেন সারা ও আদিত্য। গঙ্গোপাধ্যায় পরিবারের তরফে তাঁদের জন্য থাকছে এক বিশেষ নৈশভোজের আয়োজন। এর আগে সৌরভের বাড়িতে বলিউডের বহু তারকাকে দেখা গেছে, এবার সেই তালিকায় যোগ হল সারার নাম। সৌরভ নিজে জানিয়েছেন, তাঁর বায়োপিকের প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে, মুক্তি ডিসেম্বরেই। এখন দেখার, ডোনার চরিত্রে শেষমেশ কে আসেন পর্দায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.