নবদ্বীপ: ফের ভাষার সীমানা ছাড়াল রাজনৈতিক মন্তব্য। নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের এক জনসভা থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নাম না করে ‘শুয়োরের বাচ্চা’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠল শাসকদলেরই এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
শনিবার নবদ্বীপ শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নিশান ক্লাব মাঠে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের ডাকে একটি প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, রাজ্য তৃণমূলের মুখপাত্র জয়া দত্ত-সহ জেলা ও শহরের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক।
সভা চলাকালীন বক্তারা নির্বাচন কমিশনের ভূমিকা ও SIR ইস্যুতে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি বিজেপিকেও একাধিকবার কটাক্ষ করা হয়।
তবে বিতর্কের সূত্রপাত সভা শেষে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাঙালি ও বাঙালি-বোলানো মুসলিমদের উদ্দেশে করা বিতর্কিত মন্তব্য—“রিকশাচালক যদি পাঁচ টাকা ভাড়া চায়, চার টাকা দিন”—এই প্রসঙ্গে জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলি বলেন, একজন জনপ্রতিনিধি শপথ গ্রহণের পর দায়িত্বশীল ভাষা ব্যবহারে বাধ্য এবং এই ধরনের মন্তব্যের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
ঠিক সেই সময়েই দেবাশীষ গাঙ্গুলির পাশেই দাঁড়িয়ে নবদ্বীপ পুরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা মন্তব্য করেন, “বাঘের বাচ্চা বাঘ হয়, আর শুয়োরের বাচ্চা শুয়োর হয়।” তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক দানা বাঁধে।
উল্লেখযোগ্য বিষয়, ওই সময় মঞ্চের আশপাশেই উপস্থিত ছিলেন জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্য তৃণমূলের মুখপাত্র ও অন্যান্য নেতৃত্ব। তবুও ওই মন্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া বা প্রতিবাদ সামনে আসেনি।
এই ঘটনায় প্রশ্ন উঠছে—রাজনৈতিক প্রতিবাদের নামে ভাষার শালীনতা লঙ্ঘিত হচ্ছে কি না। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে কোনও অবস্থান নেয় কি না, সেদিকেও নজর রাজনৈতিক মহলের।







