কেন্দ্র

বাজেটে কর বিপ্লব: ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন, সহজ হবে রিটার্ন দাখিল

আয়কর ব্যবস্থায় যুগান্তকারী সংস্কারের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রবিবার সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে তিনি জানালেন, আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে দেশে কার্যকর হতে চলেছে সম্পূর্ণ নতুন আয়কর আইন। কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও করদাতাবান্ধব করে তুলতেই এই আইনি রদবদল বলে জানান অর্থমন্ত্রী।

বাজেট ভাষণে নির্মলা সীতারমণ বলেন, নতুন আইনের আওতায় আইটিআর-১ ও আইটিআর-২ জমাদানকারীরা ৩১ জুলাই পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এর জন্য ন্যূনতম ফি ধার্য থাকবে। অন্যদিকে, নন-অডিট ব্যবসা প্রতিষ্ঠান ও ট্রাস্টগুলির ক্ষেত্রে রিটার্ন জমার শেষ তারিখ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

করদাতাদের আইনি জটিলতা থেকে মুক্তি দিতেই বড়সড় পরিবর্তন আনা হয়েছে শাস্তি ব্যবস্থায়। অর্থমন্ত্রী জানান, কর ফাঁকি ধরা পড়লে ধার্য করের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিলেই নিষ্কৃতি পাওয়া যাবে। অর্থাৎ, শাস্তিমূলক ব্যবস্থার বদলে জরিমানাভিত্তিক ব্যবস্থাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

বাজেটে অর্থনীতির সামগ্রিক ছবিও তুলে ধরেন অর্থমন্ত্রী। এ বছর মোট কর রাজস্ব ধরা হয়েছে ২৮.৭ লক্ষ কোটি টাকা, এবং বাজেটের মোট আকার ৫৩.৫ লক্ষ কোটি টাকা। পাশাপাশি, বিনিয়োগ টানতে বড় ঘোষণা— কোনও বিদেশি সংস্থা ভারতে ক্লাউড ডেটা সেন্টার তৈরি করলে ২০৪৭ সাল পর্যন্ত তাদের কর ছাড় দেওয়া হবে বলে জানান তিনি।

নতুন আয়কর আইন কার্যকর হলে কর ব্যবস্থায় সরলীকরণ, সময়সীমায় শিথিলতা ও আইনি ঝামেলা কমবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। করদাতাদের কাছে এই বাজেট এক নতুন অধ্যায়ের সূচনা বলেই ধরা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.