তিন বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার এক নতুন মাত্রায় পৌঁছল। এই প্রথমবার ২০২৫ সালে, ইউক্রেনের আকাশে এমন ভয়াবহ ও পরিকল্পিত আক্রমণ চালাল রাশিয়া। আকাশপথে ঝরে পড়ল আগুন! রাতভর পশ্চিম, দক্ষিণ ও মধ্য ইউক্রেনে চলল একযোগে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টি।
প্রায় ৫০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এর মধ্যে ছিল ৪৭৭টি ড্রোন এবং ৬০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। এই আক্রমণ প্রতিহত করতে ইউক্রেন বাহিনী চালায় তাদের সর্বশক্তি। পাল্টা প্রতিরোধে গুলি করে নামায় ২৪৯টি ড্রোন, এবং প্রায় ২০০টি ড্রোন নিষ্ক্রিয় করে ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার এই সাফল্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে।
এই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইউক্রেনের নতুন যুক্ত হওয়া এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান। ২০২৪ সালে ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে পাওয়া এই বিমান এবার প্রথমবার কাজে আসে যুদ্ধক্ষেত্রে। পাইলটের অসাধারণ দক্ষতায় অনেক ক্ষেপণাস্ত্র আটকানো গেলেও শেষরক্ষা হয়নি—ধ্বংস হয় একটি এফ-১৬।
বিশ্লেষকদের মতে, এই হামলা ছিল রাশিয়ার কৌশলগত বার্তা—তারা এখনও ইউক্রেনকে দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইউক্রেনও বুঝিয়ে দিল, তারা আর ২০২২ সালের ইউক্রেন নয়। এই সংঘর্ষ শুধু অস্ত্রের নয়, প্রযুক্তি আর মানসিক দৃঢ়তারও লড়াই।
বিশ্ব এখন চেয়ে আছে—এই আকাশযুদ্ধ কি আরও বড় পরিণতির দিকে এগোচ্ছে? সময়ই বলবে…







