বিদেশ

সন্ধ্যা ৬টার একটি বিজ্ঞপ্তি, তারপরেই উত্তাল পোল্যান্ড! কী এমন ঘটল যে মাঝ আকাশ থেকে ফিরতে হল প্রেসিডেন্টকে?

একটি সরকারি বিজ্ঞপ্তি ঘিরেই পোল্যান্ডে শুরু হল তুমুল বিতর্ক। সন্ধ্যা ৬টা নাগাদ সাংবিধানিক আদালতের ওয়েবসাইটে প্রকাশিত হল একটি নোটিস। তাতে জানানো হয়, আদালতের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে সাসপেন্ড করা হয়েছে। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আদালত চত্বরে বিক্ষোভ, নিরাপত্তা বাড়াতে পুলিশের মোতায়েন এবং শেষ পর্যন্ত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট কারোল নাওরোকি। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত?

ঘটনাটি গত ৩০ অক্টোবরের। পোল্যান্ডের কনস্টিটিউশনাল ট্রাইব্যুনালের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আদালতের প্রেসিডেন্ট বোগদান শভিয়েচকোভস্কি এবং ভাইস প্রেসিডেন্ট বার্তোলোমিয়েজ সোখানস্কিকে সাসপেন্ড করা হয়েছে। এর পরেই শুরু হয় বিতর্ক। কিছুক্ষণের মধ্যে আদালতের ওয়েবসাইটও ডাউন হয়ে যায়।

আদালতের বিচারপতি আনা কোরভিন-পিওত্রোভস্কা জানান, আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিচারপতির দায়িত্ব সামলানোর কারণে আপাতত তিনিই ট্রাইব্যুনালের নেতৃত্ব দেবেন বলে জানা যায়।

**মাঝ আকাশ থেকে ফিরলেন প্রেসিডেন্ট**

ঘটনার সময় প্রেসিডেন্ট কারোল নাওরোকি সেনেগাল সফরের উদ্দেশে বিমানে ছিলেন। দেশে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। সমাজমাধ্যমে তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে প্রেসিডেন্টের দেশে থাকাই প্রয়োজন।

**আদালত চত্বরে বিক্ষোভ, বাড়ল নিরাপত্তা**

সাসপেনশনের খবর প্রকাশ্যে আসতেই আদালত চত্বরে জমায়েত করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। আদালতের সিদ্ধান্তের বৈধতা এবং তার পিছনের কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

একটি বিজ্ঞপ্তি থেকে শুরু হওয়া এই ঘটনা এখন পোল্যান্ডের রাজনৈতিক ও বিচারবিভাগীয় মহলে বড় বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.