চোখের চিকিৎসার জন্য আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে ভর্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁ চোখের সমস্যা নিয়ে বহুদিন ব্যপীই ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁর সেই চোখে ফের অস্ত্রোপচার হয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসক এবং চক্ষু বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন অভিষেক। ট্যুইট করে এই কথায় জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
সর্ভারতীয় সাধারণ সম্পাদকের ছবি পোস্টের পাশাপাশি কুণাল সমালোচকদের উদ্দেশে লেখেন, ‘যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকী তার চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁরা ভাল করে ছবিটি দেখুন। ওর চোখের আজকের অবস্থা। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ছিলেন অভিষেক। চোখে ভয়ঙ্কর চোট। কলকাতায়, ভারতের অন্যত্র চিকিৎসা করিয়েছে। সমস্যা কাটেনি। বেশিক্ষণ পড়লে চোখে ব্যথা হয়। মাথা যন্ত্রণা শুরু হয়। কখনও কখনও ঘুমোতে পারে না। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও স্বাভাবিকতা ফেরেনি। তাই এখন আর একবার চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। অভিষেক দ্রুত সুস্থ হয়ে উঠুক। চোখ স্বাভাবিকতায় ফিরুক।’
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের সমস্যায় ভুগছেন ২০১৬ সাল থেকে। সেই বছর অক্টোবর মাসে মুর্শিদাবাদের এক দলীয় কর্মসভা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনা ঘটে। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটা দুধের গাড়িকে ধাক্কা মেরেছিল অভিষেকের গাড়ি। যার দরুন তাঁর বাঁদিকের চোখের নিচের অংশের হাড় ভেঙে যায়। চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন অনেকবার।







