‘আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্ব আমার নয়’, শুভেন্দু অধিকারী। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন ও চার বিধানসভা উপ নির্বাচনে আশানুরূপ ফল হয়নি পদ্মশিবিরের। এবার সেই দায় বিজেপির ঘাড়েই চাপালেন বিরোধী দলনেতা? প্রশ্ন উঠছে একাধিক।
এদিন সায়েন্স সিটিতে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, ‘সামনে থেকে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণ হবে, কিন্তু তার জায়গা আলাদা।’
উল্লেখ্য, ফলাফল বিশ্লেষণের জন্য আজ বিজেপির তরফে সায়েন্স সিটিতে এক বৈঠকের ডাক দেওয়া হয়। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির বাকিসব নেতারা। সেখানেই বিজেপির এই হারের দায় আকারে-ইঙ্গিতে সংগঠনের দায়িত্বে থাকা নেতা সুকান্ত মজুমদারের দিকেঠেলে দেন শুভেন্দু।
শুভেন্দুর উবাচ, ‘আমার সংগঠন নিয়ে যা বলার ছিল সেটা দিল্লিতে বলে এসেছি সুনীল বনসলকে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানিয়ে এসেছি কীভাবে বাংলাকে বাঁচানো যায়।’ বারংবার কর্মীদের জন্য রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন, সেকথাও তোলেন তিনি।
অপরদিকে, সরব হন সুকান্ত মজুমদারও। বলেন, ‘বিজেপি বাংলা থেকে হারিয়ে যায়নি।’ সামনে লড়াইয়ের ডাকও দেন তিনি।







