ক্রিকেটে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না—একটা বল, এক জন বোলার আর একটি স্টাম্প, যা ভেঙে গেল ঠিক মাঝ বরাবর, তাও লম্বালম্বি ভাবে! ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে এমনই অদ্ভুত ও চোখ কপালে তোলা ঘটনা ঘটিয়ে ফেললেন অস্ট্রেলিয়ান পেসার রাইলি মেরিডিথ। খেলার চেয়ে স্টাম্পই হয়ে উঠল আলোচনার কেন্দ্রে।
সমারসেটের হয়ে খেলার সময় এসেক্স ওপেনার মাইকেল পেপারকে এক ভয়ংকর গতির ইয়র্কার দেন মেরিডিথ। ব্যাটে স্পর্শ না পেয়েই বল সোজা গিয়ে লেগে যায় লেগ স্টাম্পে। কিন্তু যা ঘটল, তা অতীতের কোনো ক্রিকেট ম্যাচে প্রায় দেখা যায়নি। স্টাম্পটি মাঝ বরাবর চিরে দু’টি সমান টুকরো হয়ে মাঠে ছিটকে পড়ে। বিস্ময়ে হতবাক হয়ে যান মাঠের আম্পায়ার, খেলোয়াড় তো বটেই, গ্যালারির দর্শকরাও।
এই ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে, ম্যাচ অফিসিয়ালরা পরে ঘোষণা করেন স্টাম্পটি সংরক্ষণ করে রাখা হবে। ভবিষ্যতে সেটি একটি ক্রীড়া জাদুঘরে প্রদর্শিত হবে। বলের এমন অভিঘাতে স্টাম্প ভাঙার ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরলতম।
মেরিডিথ যদিও ম্যাচে অতটা বিধ্বংসী ছিলেন না। ২ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট—মাইকেল পেপার ও চার্লি অ্যালিনসন। আইপিএলে পঞ্জাব ও মুম্বইয়ের হয়ে খেলা মেরিডিথ ১৮ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট। তবে ২০২৫-এর মেগা নিলামে তাঁকে কোনো দলই নেয়নি। অথচ স্টাম্পের এই “শারীরিক বিভাজন” হয়তো আবার আলোচনায় আনবে তাঁকে।







