আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এক বছর পূর্ণ হতে চলেছে। গত বছর ৯ আগস্ট কর্তব্যরত অবস্থায় তাঁর মৃত্যু এবং ধর্ষণের অভিযোগে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছিল তীব্র প্রতিবাদ। সেই ঘটনার বর্ষপূর্তিতে ফের আন্দোলনের সুর রাজ্যের ছাত্র-চিকিৎসকদের সংগঠনের। তাদের তরফে জানানো হয়েছে, ৯ আগস্ট সকালে ‘রাখি বন্ধন’ কর্মসূচি পালন করা হবে। ওই রাতেই আবার শুরু হতে পারে ‘রাত দখল’ অভিযান। শোনা যাচ্ছে, ১৪ আগস্ট রাতে ‘অভয়া মঞ্চ’ থেকে ফের পথে নামার ডাক দেওয়া হতে পারে।
গত বছর ১৫ আগস্টের আগের রাতে হাজার হাজার মানুষ পথে নেমেছিলেন মৃতার প্রতি শ্রদ্ধা ও বিচারের দাবিতে। শহরের রাস্তায় পা মিলিয়েছিলেন বিনোদন জগতের তারকারাও। সেই তালিকায় ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা, ঊষসী, সোহিনী, দেবলীনা, বিদীপ্তা, তানিকা, বিরসা-সহ অনেকে। এ বছর ফের তাঁদের দেখা যাবে কি? বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে অভিনেত্রী ঊষসী জানান, ৯ আগস্টের কর্মসূচিতে তিনি থাকবেন। ১৪ আগস্টের কর্মসূচি সম্পর্কে এখনও কিছু শোনেননি বলেও জানান। তবে তিনি বলেন,”ঘটলে অবশ্যই থাকব। বিচার চাই। আমরা ভুলিনি।”
অন্যদিকে, কিঞ্জল নন্দ, চৈতি ঘোষাল এখনও কর্মসূচি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন। বিদীপ্তা, দেবলীনা, বিরসা ও তানিকার কানে পৌঁছেছে সম্ভাব্য অভিযানের কথা। তাঁদের স্পষ্ট বার্তা,”আগে যেমন পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।” তবে তানিকার প্রশ্ন,”আবার উত্তাল হলেও কি ন্যায় মিলবে?” এক বছর কেটে গেলেও ন্যায় অধরাই রয়ে যাওয়ার হতাশা থেকেই যাচ্ছে।







