খেলাধুলা

নূর-রাচিনের নৈপুণ্যে চেন্নাইয়ের দুর্দান্ত জয়, ফের মরশুম শুরুতে হার মুম্বাইয়ের!

রবিবার চিপকে আইপিএল ২০২৫ মরশুমের হাইভোল্টেজ ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হয় মুম্বাই। আইপিএলের ‘এল ক্লাসিকোয়’ চার উইকেটের ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে নিজেদের মরশুমের দুর্দান্ত সূচনা করল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) হওয়া এই ম্যাচে মূল চরিত্র হয়ে উঠলেন রাচিন রবীন্দ্র, যিনি ৬৫ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দিলেন। অন্যদিকে, নূর আহমেদের বিধ্বংসী স্পিনে বিধ্বস্ত হয় মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপ।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়। শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করে চাপে ফেলে মুম্বাইকে। নূর আহমেদ মাত্র ১৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন, যা আইপিএলে চেন্নাইয়ের কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার মুম্বাইয়ের বিপক্ষে। খলিল আহমেদও দুর্দান্ত বোলিং করেন, ২৯ রানে তিনটি উইকেট নিয়ে মুম্বাইকে ১৫৫ রানে আটকে দেন। সুর্যকুমার যাদব (২৯) ও তিলক ভার্মা (৩১) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও চেন্নাইয়ের বোলারদের দাপটে বড় সংগ্রহ গড়তে পারেনি মুম্বাই।

লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিং করেন ঋতুরাজ গায়কওয়াড়। মাত্র ২৬ বলে ৫৩ রান করে দলকে দ্রুত এগিয়ে দেন তিনি। তবে, মুম্বাইয়ের হয়ে অভিষিক্ত বাঁহাতি রিস্ট স্পিনার বিঘ্নেশ পুত্থুর হঠাৎ ম্যাচ জমিয়ে তোলেন। তাঁর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তিন ব্যাটার ক্যাচ তুলে দেন, ফলে কিছুটা চাপে পড়ে চেন্নাই।

তবে, একপ্রান্তে দাঁড়িয়ে ধৈর্যশীল ব্যাটিং করেন রাচিন রবীন্দ্র। ৪৫ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি দলকে জয় এনে দেন। সাথে রবীন্দ্র জাদেজা যোগ্য সঙ্গ দেন। শেষদিকে ধোনি ও রাচিন দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে দারুণ আত্মবিশ্বাস অর্জন করল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আইপিএল উদ্বোধনী ম্যাচে জয়ের খরা আরও দীর্ঘ করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.