বৃহস্পতিবার থেকে রোদ ঝলমলে আকাশ দেখতে শুরু করেছিল বঙ্গবাসী। তার মধ্যেই দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ এগিয়ে আসছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। যার জেরে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আর তার জেরেই বৃষ্টি হতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার আগে আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মোটের উপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া।
আগামী সপ্তাহের সোমবারই ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। ওই দিন কলকাতা শহরে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি চলতে পারে। আগামী সপ্তাহের শুরুর দিন কয়েকের মধ্যেই দানা বাঁধতে পারে নিম্নচাপ। তারই জেরে আগামী সপ্তাহের শুরুর দিন কয়েকের মধ্যেই ফের একদফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মোট কথা আগামী ২৩ জুলাই থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার ২১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সব জেলাতে। দু-এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। আজ, শনিবার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
শনিবার শহরবাসীকে ঘর্মাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়ার মুখোমুখি হতে হবে। আজ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে দাঁড়াবে ১০০ শতাংশে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।







