ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে লিডসে। শুভমন গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দল মুখোমুখি হতে চলেছে বেন স্টোকসের ইংল্যান্ডের। পটভূমিতে ইতিহাস, আবহাওয়ায় রহস্য—এই টেস্টে উত্তেজনার কমতি নেই। হেডিংলেতে ভারতের আগের পারফরম্যান্সে যেমন সাফল্য-ব্যর্থতার মিশেল, তেমনই পিচ ও আবহাওয়ার বর্তমান পরিস্থিতিও ম্যাচের গতিপথ নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
আবহাওয়া নিয়ে সব সময়েই অনিশ্চয়তা ইংল্যান্ডে। তবে খেলার প্রথম দিন অর্থাৎ শুক্রবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা। বরং তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে—যা ইংল্যান্ডের মাটিতে অস্বাভাবিক রকম গরম। দ্বিতীয় দিনে দক্ষিণ দিক থেকে হাওয়া বয়ে আনার সম্ভাবনা রয়েছে, আকাশ থাকবে আংশিক মেঘলা, হালকা বৃষ্টিও হতে পারে।
তৃতীয় দিন মেঘলা আকাশের পাশাপাশি মাঝে মাঝে খাপছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। চতুর্থ ও পঞ্চম দিন তাপমাত্রা কমে ঠান্ডা পড়বে, আবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফলে ম্যাচে আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
হেডিংলের উইকেটে ঘাস থাকলেও পিচ শুকনো। বৃষ্টি না হলে ব্যাটাররাই সুবিধা পেতে পারেন। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা বোলারদেরও এনে দিতে পারে বাড়তি সহায়তা—ফলে পাঁচ দিনই জমাটি লড়াই দেখার আশা করা যায়।







