দেশের জনপ্রিয় কয়েকটি মদের ব্র্যান্ডে কৃত্রিম বা ‘নেচার আইডেন্টিক্যাল’ ফ্লেভার ব্যবহারের অভিযোগ উঠেছে। এই কারণেই ওল্ড মঙ্ক, অ্যান্টিকুইটি ব্লু, রয়্যাল চ্যালেঞ্জ এবং ব্যাগপাইপারের নির্দিষ্ট কিছু পণ্যের বিক্রি বন্ধ করার সুপারিশ করেছে ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা (FSSAI)। তবে এর অর্থ এই নয় যে, এই ব্র্যান্ডগুলির সব ধরনের রাম বা হুইস্কি সারা দেশে অবিলম্বে নিষিদ্ধ হয়ে যাচ্ছে।
FSSAI-এর দাবি, পরীক্ষায় দেখা গিয়েছে ডিয়াজিও ইন্ডিয়ার ইউনাইটেড স্পিরিটস, ইনব্রু বেভারেজেস এবং মোহন রকি স্প্রিংওয়াটারের তৈরি কয়েকটি অ্যালকোহলযুক্ত পানীয়ে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে স্বাদ ও সুগন্ধ তৈরি না করে বাইরে থেকে কৃত্রিম বা ‘নেচার আইডেন্টিক্যাল’ ফ্লেভার যোগ করা হয়েছে।
**কোন কোন পণ্যের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ?**
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, মধ্যপ্রদেশে উৎপাদিত ইউনাইটেড স্পিরিটসের অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি ও রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি, ইনব্রু বেভারেজেসের ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি এবং ওল্ড কাস্ক ডিলাক্স রাম, পাশাপাশি মহারাষ্ট্রে তৈরি মোহন রকি স্প্রিংওয়াটারের ওল্ড মঙ্কের তিনটি ভ্যারিয়েন্টের বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশ শুধুমাত্র সংশ্লিষ্ট কারখানাগুলিতে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি একই ব্র্যান্ডের অন্য উৎপাদন কেন্দ্রের পণ্যও এর আওতায় পড়বে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে FSSAI, ডিয়াজিও ইন্ডিয়া কিংবা মোহন রকি স্প্রিংওয়াটার—কেউই আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
FSSAI জানিয়েছে, ভারতীয় খাদ্য নিরাপত্তা বিধিতে নির্দিষ্ট ক্ষেত্রে অ্যালকোহলযুক্ত পানীয়ে ফ্লেভার ব্যবহারের অনুমতি রয়েছে। তবে পরীক্ষায় দেখা গেছে, কিছু সংস্থা পানীয়ের নিজস্ব স্বাদের সঙ্গে মিল থাকা কৃত্রিম ফ্লেভার আলাদাভাবে মিশিয়ে দিচ্ছে। অর্থাৎ, রামের মধ্যে রামের ফ্লেভার এবং হুইস্কির মধ্যে হুইস্কির ফ্লেভার যোগ করা হচ্ছিল।
রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত উৎপাদন প্রক্রিয়ায় রাম বা হুইস্কির মধ্যে একই ধরনের বাহ্যিক ফ্লেভার যোগ করার কোনও প্রচলিত পদ্ধতি নেই বলে জানিয়েছে FSSAI।
সংস্থার আরও দাবি, এ ধরনের কৌশল ব্যবহার করলে উৎপাদনকারীরা প্রয়োজনীয় উৎপাদন প্রক্রিয়া এড়িয়ে যেতে পারে এবং চিটেগুড়, মল্ট বা আঙুরের মতো প্রাকৃতিক কাঁচামালের যথাযথ ব্যবহারও কমে যায়। তাই পরীক্ষায় ধরা পড়া এসব পণ্যকে কৃত্রিম বা ‘নেচার আইডেন্টিক্যাল’ ফ্লেভারের উপস্থিতির কারণে নিম্নমানের বলে উল্লেখ করেছে FSSAI।
উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালকোহল বাজার। এই শিল্পের বার্ষিক আয় প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার। বাজারের শেয়ারের নিরিখে ডিয়াজিও ইন্ডিয়া দেশের অন্যতম বৃহৎ মদ প্রস্তুতকারক সংস্থা। FSSAI-এর পর্যবেক্ষণের আওতায় আসা ব্র্যান্ডগুলি মূলত দেশীয়ভাবে তৈরি এবং তুলনামূলকভাবে কম দামের হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে এগুলির চাহিদা অত্যন্ত বেশি।







