আরজি কর কাণ্ড নিয়ে চলা আইনি লড়াইয়ে আজ এক বড়সড় মোড় এল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই ঘটনার প্রেক্ষিতে তারা যে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছিল, তা এবার থেকে আর দিল্লিতে নয়, বরং কলকাতা হাই কোর্টেই শোনা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ আজ স্পষ্ট করে দিয়েছেন যে, মামলার পরবর্তী ধাপগুলো এখন থেকে রাজ্যের উচ্চ আদালতই সামলাবে। সেই সঙ্গে সমস্ত নথিপত্রও দ্রুত হাই কোর্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই সিদ্ধান্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে নির্যাতিতার বাবা-মা। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, মামলার তদন্ত কতদূর এগোল বা বর্তমানে কী অবস্থায় রয়েছে (স্টেটাস রিপোর্ট), সেই সব তথ্য যেন নির্যাতিতার পরিবারকে নিয়মিত জানানো হয়। যদিও হাই কোর্টের ঠিক কোন বেঞ্চে বা কবে থেকে এই শুনানি শুরু হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো দিনক্ষণ জানা যায়নি। গত বছরের ৯ অগস্টের সেই হাড়হিম করা ঘটনার পর থেকে সারা দেশ যে বিচার পাওয়ার আশায় বুক বেঁধেছিল, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ সেই প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করল।
উল্লেখ্য, আরজি করের সেই মর্মান্তিক ঘটনার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে ধরেছিল, যাকে ইতিমধেই শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে। তবে সুপ্রিম কোর্ট নিজে থেকে এই মামলায় হস্তক্ষেপ করায় মানুষের মনে বিচারের আশা আরও বেড়েছিল। সিবিআইকে দিয়ে তদন্ত করানো থেকে শুরু করে চিকিৎসকদের নিরাপত্তার জন্য নির্দিষ্ট গাইডলাইন তৈরি সবটাই ছিল সুপ্রিম কোর্টের নজরে। এখন মামলাটি ঘরের মাঠে অর্থাৎ কলকাতা হাই কোর্টে ফিরে আসায় আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।







